যশোরে ভেজাল সার বিক্রির দায়ে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ দুপুর ২টার দিকে যশোর সদর উপজেলা ভূমি কর্মকর্তার নেতৃত্বে চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে এ অভিযান চালানো হয়। এসময় এক টন সারও জব্দ করা হয়।
যশোর সদর উপজেলা ভূমি কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ জানান, কৃষি কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঝাউদিয়া গ্রামে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি নিজ বাড়িতে ভেজাল সারের কারবার করছেন।
এরপর আজ দুপুরে সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী ও পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালানো হয়। এসময় বিল্লাল হোসেনের বাড়ি থেকে একটন ভেজাল সার ও বিভিন্ন কোম্পানির মোড়ক উদ্ধার করা হয়।
তিনি ভেজাল সারগুলো দামি ব্রান্ডের মোড়কে ভরে বাজারজাত করে আসছিলেন। যে কারণে ভ্রাম্যমাণ আদালত গঠন করে তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একসাথে ভেজাল এক টন সার ধ্বংসের জন্য জব্দ করা হয়েছে।

Leave a Reply