মানবাধিকার সংগঠন রাইটস যশোরের উদ্যোগে মানব পাচারের শিকার সার্ভাইভার ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে তিনদিনব্যাপী অর্থবিষয়ক শিক্ষা ও রেমিটেন্স ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) যশোরের একটি বেসরকারি সংস্থার ট্রেনিং রুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর আছমা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন রাইটস যশোরের পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত।
আইওএম ও কোইকার আর্থিক সহযোগিতায় পরিচালিত ‘বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে একটি সমন্বিত কর্মসূচিথ শীর্ষক প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে বিদেশ প্রত্যাগত যশোর জেলার ২৬ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার বলেন, সার্ভাইভারদের কাছ থেকে জানা ছোট ছোট ঘটনা ভেতর থেকে নাড়া দিয়েছে। হয়তো আপনাদের বেঁচে থাকার এই সংগ্রাম অন্যের কাছে কিছুই না।
কিন্তু আপনাদের কাছে তা একবারেই মরণপণ লড়াই। আমি বিশ্বাস করি আপনারা আপনাদের এই লড়াইয়ে জয়ী হবেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশিক্ষণলব্ধ এই জ্ঞান আপনাদের সার্ভাইভারদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।
প্রশিক্ষণ পরিচালনা করেন রাইটস যশোরের উপ-পরিচালক (কর্মসূচি) এস এম আজহারুল ইসলাম, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন ম্যানেজার দেবব্রত ঢালী, প্রোগ্রাম অফিসার মোতাহারুল ইসলাম, সাইকো সোস্যাল কাউন্সিলর শিউলী পারভীন ও ডেস্ক অফিসার মারুফা আক্তার।

Leave a Reply