যশোরের শার্শা উপজেলার উলশী বাজারে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত ফিড কোম্পানির ম্যানেজার আব্দুর রশিদ রোকন (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অবস্থায় শুক্রবার (২১ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত ম্যানেজার আব্দুর রশিদ রোকন (৪২) যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বাগআঁচড়া বাজারের মসজিদ মার্কেটে রুহুল আমিনের মালিকানাধীন ‘মন্ডল ট্রেডার্সে’ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এই প্রতিষ্ঠানটি ‘নারিশ ফিড লিমিটেড’ এর ডিলার হিসেবে বিভিন্ন স্থানে মালামাল সরবরাহ করে থাকে।
শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম মামলার বরাত দিয়ে বলেন,গত বুধবার আব্দুর রশিদ রোকন বাঁকিতে ফিড বিক্রির টাকা বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন।
মোটরসাইকেলযোগে ফেরার সময় নাভারন সাতক্ষীরা মহাসড়কের উলাশী মাঠপাড়ার তরিকুল ইসলাম এর বাড়ির সামনে পৌঁছালে ছিনতাইকারিরা তাদের কাছে থাকা ধারালো হাসুয়া দিয়ে ভিকটিমের বাম হাতের বাহুতে কোপ দিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। এসময় তার কাছে ব্যাগে থাকা ৮ লাখ ৫৫ হাজার টাকা তারা নিয়ে পালিয়ে যায়।
পরে ছিনতাইকারী ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের হৃদয় হোসেন (২৪), একই গ্রামের তরিকুল ইসলাম (২৮), চান্দেরপোল গ্রামের ফয়সাল হোসেন (২০) ও ইসলামপুর গ্রামের রাব্বেল হোসেন রাব্বিকে (২১) আটক করে ৮লাখ তিন হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান ওসি।
এ ব্যাপারে মন্ডল ট্রেডার্স এর মালিক রুহুল আমিন বাদি হয়ে শার্শা থানায় ওই দিনই একটি মামলা করেন বলে ওসি জানান।

Leave a Reply