কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদে তালা দেওয়াকে তেন্দ্র করে সংঘর্ষ ২০ জন আহত
নিজেস্ব প্রতিবেদক ,কেশবপুর :
কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে তালা দেওয়াকে কেন্দ্র করে আওয়ামিলীগ ও ছাত্র—জনতার সাথে সংঘর্ষে অন্তত ২০জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে উভয়পক্ষের নয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির খবর পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন অনেক কে।
১২ ফেব্রুয়ারি বেলা ১১টায় উপজেলার চিংড়া বাজার সংলগ্ন সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন— চেয়ারম্যানের ভাই মোজাহিদুল ইসলাম পান্না (৪০), মাজাহারুল ইসলাম মানিক (৩৫), গোলাম মোস্তফা (৪৫), রনি (৩২), নাঈম হোসেন (২২), রকি (২৬), আকাশ (২৫), সাগর (২৭), ইউনূচ হোসাইন (৩২) ও আবু সাঈদকে (৩০) কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গত ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের আপন বড় ভাই।
গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পরও তিনি স্বাভাবিকভাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। বুধবার সকালে ছাত্র-জনতা ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হয়। এক পর্যায়ে তারা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে তালা লাগিয়ে দেন। খবর পেয়ে ইউনিয়ন পরিষদের সামনে উপস্থিত অন্য পক্ষটি। এসময় দুই পক্ষে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
যশোর জেলা ছাত্রদলের সহ সভাপতি উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের মজনু হোসাইন বলেন, ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত আওয়ামী লীগ করায় স্থানীয়ভাবে শেখ হাসিনার পক্ষে কাজ করছেন। এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে ছাত্র—জনতা ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ সময় চেয়ারম্যানের পক্ষের লোকজন এসে ছাত্র—জনতার উপর হামলা চালিয়ে ১৪ থেকে ১৫ জনকে আহত করে।
সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত বলেন, আমি নিয়মিত ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছি। বুধবার ইউনিয়ন পরিষদ বন্ধ থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন পরিষদের চেয়ারম্যানের রুমে তালা ঝুলিয়ে দেয়। এ সময় এলাকার সাধারণ জনতা তালা খুলে দেওয়ার দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হলে তাদের উপর হামলা করা হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা লাগানোর ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply