কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এসময় ১২/১৪ টি মোটরসাইকেলে ৩০ থেকে ৪০ জন বুড়ুলি গ্রামে এসে দুইতলা আলিশান বাড়ির নিচতলায় ভাঙচুর করে।
পরে চেয়ারম্যানের বাড়ির উঠানে থাকা চারটি ধানের গোলাতে আগুন জ্বালিয়ে দেয়া হয় । ঘটনাটি ঘটেছে রোববার রাত ১০ টার দিকে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। এতে কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
চেয়ারম্যান আব্দুল কাদের জানান তিনি তার স্ত্রী, ছেলে ও ছেলের স্ত্রীকে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়ি ভাঙচুর শুরু করে।
তাদের মধ্যে কয়েকজন যেয়ে বাড়ি উঠানে থাকা চারটি ধানের গোলায় আগুন জ্বালিয়ে দেয়। একই সাথে তার উঠানে থাকা একটি স্যালো মেশিন, গ্যাসের সিলিন্ডার ও ২০টি পাম্প মেশিনেও আগুন ধরিয়ে দেয় তারা।
পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। অল্পের জন্য তার বাড়িঘর আগুনের হাত থেকে বেচে যায়। এ ঘটনার সাথে কারা জড়িত জানতে চাইলে তিনি বলেন,আমি কিছুই বলবো না। আমি আল্লার কাছে বিচার দিলাম বলে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ট্রিপল লাইনে খবর পেয়ে ঘটনা স্থানে যেয়ে দেখি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। দুষ্কৃতিকারীরা পুলিশের খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখন কোন অভিযোগ করা হয়নি থানায়।
উল্লেখ্য, আব্দুল কাদের বিশ্বাস ১৯৯৬ সাল থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি সাদেক সাহেবের হাত ধরে রাজনীতিতে যোগদান করেন।
বর্তমানে তিনি মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তবে, আওয়ামীলীগে তার কোনো পদ নেই। সরকার পতনের পর তার পক্ষে- বিপক্ষে চলছিলো নানা আলোচনা ও সমালোচনা।

Leave a Reply