শিক্ষা বোর্ডের কর্মকতা পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাংক গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দুইজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার মণিরামপুরের ছালামুতপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী তহমিনা খাতুন বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমরান আহমেদ অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মোঃ তাহমিদ আকাশ।
আসামিরা হলো, রংপুর পীরগঞ্জ থানার গোবর্ন্ধনপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে এসএম সাকলাইনুল হক ও ফরিদপুর সদরপুর থানার কৃষ্ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ইমরুন ।
মামলার অভিযোগে জানা গেছে, তহমিনা খাতুন স্বামী মালয়েশিয়া প্রবাসী। তার এক মাত্র ছেলে স্থানীয় প্রাইমারি স্কুলে পড়ে। গত ১৮ আগস্ট আসামি ইমরুনের মোবাইল থেকে ম্যাসেজ আসে তার ছেলে ৫ হাজার ২শ’ টাকা উপবৃত্তি পেয়েছে। এ ম্যাসেজে আসামি সাকলাইনুল হকের মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হয়। ২০ আগস্ট তহমিনা ম্যাসেজে দেয়া মোবাইল নম্বরে ফোন দিলে অপর প্রান্ত থেকে আসামি সাকলানুল হক নিজেকে শিক্ষা বোর্ডের কর্মকর্তা পরিচয় দেয় এবং তার ছেলেকে ৫ হাজার ২শ’টাকা করে দুই বছর পর্যন্ত উপবৃত্তি দেয়া হবে বলে জানায়। এ টাকা বিকাশে দেয়া হবে বলে আসামি তার বিকাশ নম্বর চান। এরমধ্যে কৌশলে বাদীর বিকাশ ও ব্যাংক এ্যাকাউন্টের পিনকোর্ড এ বিষয়টি পরিবারের অন্য সদস্যরা জানার পর ব্যাংকে যেয়ে তার হিসাবের বিবরণী তুলে জানতে পারেন আসামি তার ব্যাংক হিসাব থেকে তিন দফায় এক লাখ ৬২ হাজার টাকা তুলে নিয়েছেন। যা আসামি সাকলাইনুল হকের ০১৮৪১-১৫৫৫৪৪ মোবাইল নম্বরে জমা হয়েছে। এ ব্যাপারে থানায় জিডি করলে পুলিশ তদন্ত শেষে ওই দুই জনের মোবাইল নম্বর বলে নিশ্চিত হয়। পুলিশী তৎপরতার বিষয়টি আসামিরা জানতে পেয়ে সন্ত্রাসী দিয়ে খুন জখমের হুমকি দিচ্ছে। তারপরও তহমিনা টাকা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে আদালতে এ মামলা করেন।
Leave a Reply