খুলনায় আগামী ২১ ও ২২ অক্টোবর দুই দিন আন্তজেলা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি এবং খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে আগামি ২১ ও ২২অক্টোবর থেকে দুদিনের জন্য খুলনার ১৮ রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ।
বিএনপির অভিযোগ, দলটির আসন্ন মহাসমাবেশকে কেন্দ্র করেই বাস-মিনিবাস বন্ধের এ ঘোষণা দেয়া হয়েছে।
জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, খুলনা থেকে ১৮টি রুটে ২ শতাধিক বাস চলাচল করে। মালিক ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের ফলে ওই দুই দিন খুলনা থেকে কোনো বাস ছেড়ে যাবে না ও প্রবেশও করবে না।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব জানান, আগামী শুক্র ও শনিবার খুলনা থেকে সব বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাস মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে; শ্রমিক ইউনিয়ন এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।
এদিকে শনিবার (২২ অক্টোবর) খুলনা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। ইতিমধ্যে সমাবেশের অনুমতিও মিলেছে। খুলনা শহরের ডাকবাংলো ও ফেরিঘাট মোড়ের মাঝামাঝি সোনালী ব্যাংক চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ ঘিরে ব্যাপক প্রচার-প্রচারণা করছেন দলের নেতা-কর্মীরা। বিএনপির নেতা-কর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। ময়মনসিংহ ও চট্টগ্রামের সমাবেশের তুলনায় খুলনায় জনসমাগম বেশি হবে বলে আশা করছে বিএনপি।

খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব সফিকুল আলম মনা বলেন, শনিবার খুলনার মহাসমাবেশকে ব্যাহত করার জন্যই এ বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। এর আগে চট্টগ্রাম ও ময়মনসিংহেও সমাবেশকে বাধাগ্রস্ত করতে ধর্মঘট ডাকা হয়। কিন্তু সমাবেশ বাধাগ্রস্ত করতে পারেনি। খুলনায় এ বাস ধর্মঘট ডেকে পরিস্থিতি ঘোলাটে করতে চায় কেউ কেউ। তবে বিএনপি সমাবেশ আয়োজনে পুরোপুরি প্রস্তুত। যতই বাধা আসুক, খুলনায় বিএনপির মহাসমাবেশ সফল হবেই।সূত্র রাতদিন
Leave a Reply