পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এ তিনজন হলেন পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) মুহাম্মদ শহীদুল্যাহ চৌধুরী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন মিঞা ও মীর্জা আবদুলাহেল বাকী।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ কার্যকর হবে।
অবসরপ্রাপ্ত এ তিন পুলিশ কর্মকর্তার মধ্যে মুহাম্মদ শহীদুল্যাহ চৌধুরী ও দেলোয়ার হোসেন মিঞা বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের। আর মীর্জা আবদুলাহেল বাকী বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। শহিদুলাহ পুলিশ সদরদপ্তরে এবং বাকি দুই জন সিআইডিতে কর্মরত।
বাধ্যতামূলক অবসরে পাঠানো এ তিন কর্মকর্তার মধ্যে ভালো কাজের স্বীকৃতি হিসেবে মুহাম্মদ শহীদুল্যাহ চৌধুরী পিপিএম এবং মীর্জা আবদুলাহেল বাকী পিপিএম (সেবা) পদকপ্রাপ্ত।
এর আগে তথ্যসচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। চাকরির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই বাধ্যতামূলক অবসরের আদেশ পাওয়ার পরদিন সোমবার মকবুল হোসেন দাবি করেন, সরকার বিরোধীদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না।
Leave a Reply