যশোর শহরের কাঁসা পট্টির চালের আড়তে খুলনার প্রকৌশলী বায়েজিদ হত্যা মামলায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ আদালতে আত্মসমর্পণ করেছেন। গত ৩ নভেম্বর আত্মসমর্পণের পরে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।
আত্মসমর্পণকৃত রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ বিএনপি যশোর নগর শাখার আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত চৌধুরী শহিদুল ইসলাম নয়নের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে,খুলনা জেলার বানরগাতি গ্রামের নজরুল ইসলামের ছেলে প্রকৌশলী বায়েজিদ হাসান যশোরের বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদের ঢাকাস্থ্য বসুন্ধরা এলাকার বাড়িতে ভবন নির্মাণের কাজ দেখাশুনা করতেন। এরই মধ্যে টাকার হিসাবে গড়মিল দেখা দেয়।
ফলে বায়েজিদের কাছে চার লাখ ৫৪ হাজার টাকা পাওনা আছে বলে দাবি করেন মুল্লুক চাঁদ। একপর্যায় চলতি বছরের ২৪ মার্চ খুলনার বাসা থেকে বায়েজিদকে ধরে এনে যশোর শহরের লোন অফিস পাড়াস্থ্য মুল্লুক চাঁদের চালের গোডাউনে ফেলে পিটিয়ে হত্যা করা হয়।
পরদিন সকালে লাশ উদ্ধার এবং এই ঘটনায় নিহতের মা দিলরুবা ইয়াসমিন বাদী হয়ে মুল্লুক চাঁদসহ সাতজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। দীর্ঘদিন পলাতক থাকার পরে গতকাল রোববার মুল্লুক চাঁদ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।

Leave a Reply