মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যশোর ‘ক’ সার্কেলের সদস্যরা ফেনসিডিলসহ আরমান গাজী শেখর নামে এক চিহ্নিত মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। আরমান গাজী শহরের পুরাতন কসবা কাজীপাড়া গোলামপট্টির মৃত রবিউল গাজীর ছেলে। এছাড়া বেনাপোল থেকে দেড়শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনিরুল নামে আরো একজনকে আটক করা হয়েছে।
উপ-পরিদর্শক সাইদুর রহমান জানিয়েছেন, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে আরমান গাজীর দোতলা বাড়ির নিচতলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।তিনি আরো জানিয়েছেন, আরমান গাজী শেখর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে ৮টি মামলা আছে।
এছাড়া ওই দফতরের খ সার্কেলের সদস্যরা ১৫০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মনিরুল সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া গ্রামের মৃত আব্দুল গাজীর ছেলে। সোমবার বেনাপোল পোর্ট থানাস্থ পাটিবাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

Leave a Reply