যশোর শহরতলীর শেখহাটির সন্ত্রাসী সাব্বির হোসেন লিমনকে আটকের জোর দাবি উঠেছে। অত্যন্ত ঠান্ডা মাথার এই সন্ত্রাসী ও তার দলবলের কাছে সাধারণ মানুষ জিম্মি। এদিকে প্রশাসন নীরব থাকায় সন্ত্রাসী লিমন প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরছে।
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি জামরুলতলা এলাকার সাব্বির হোসেন লিমন। প্রায় এক যুগ আগে লিমন এলাকায় গড়ে তোলে সন্ত্রাসী বাহিনী। অল্প দিনে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে লিমন নিজেকে “দুর্ধর্ষ” হিসেবে পরিচিত করে।
এলাকায় তার একচ্ছত্র আধিপত্য। ভদ্র চেহারার অধিকারী হলেও “অভদ্র” হিসেবে তাকে সবাই জানে। শুধু এলাকাবাসী নয়, স্থানীয় এক মসজিদের ইমাম পর্যন্ত লিমনের হাতে প্রহত হয়েছেন। কিন্তু ভয়ে কেউ প্রশাসনের কাছে অভিযোগ করতে সাহস পাননি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, সন্ত্রাসী লিমন এলাকাবাসীদের জিম্মি করে রেখেছে। শেখহাটি জামরুলতলা এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও উপশহর হাউজিং এস্টেটের বেশ কিছু জায়গা জোরপূর্বক দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে। এখানে নিজের দোকানসহ দলীয় কার্যালয়ও রয়েছে। এই কার্যালয়ে লিমন তার দলবল নিয়ে গোপন বৈঠক করে থাকে বলে জানা গেছে।
কেউ কেউ এই কার্যালয়টির নাম দিয়েছেন লিমনের টর্চার সেল। সূত্র আরও জানায়,জামরুলতলা এলাকায় লিমনদের একটি ছাত্রাবাস রয়েছে। এই ছাত্রাবাসে মাদকের আসরের পাশাপাশি মাদকদ্রব্য বেচাকেনার বিষয়টি সবারই জানা। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াদের গ্রুপ করার কারণে এবং স্থানীয় ফাঁড়ি পুলিশের সাথে সখ্যভাব থাকায় লোকজন লিমনের অন্যায়ের প্রতিবাদ করার সাহস পান না।
একবার মসজিদের জায়গা দখল করা নিয়ে প্রতিবাদ করায় উক্ত মসজিদের ইমামকে মারধর করেছিল লিমন। জানা গেছে,লিমন ও তার দলবল এলাকায় নানাভাবে চাঁদাবাজি করে। কেউ ঘরবাড়ি করলে বাধ্যতামূলকভাবে তাকে লিমনের দোকান থেকে সিমেন্টসহ বিভিন্ন জিনিসপত্র কিনতে হয়। না কিনলে তাদেরকে নানাভাবে হয়রানি করা হয়ে থাকে।
এদিকে গত ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে থাকলেও নিজ এলাকাতেই বুক ফুলিয়ে ঘুরছে সেও তার দলবল। প্রায়ই লিমন তার দোকানের উপরতলার রুমে গোপন বৈঠক করছে। শোনা যাচ্ছে, অত্যন্ত ঠান্ডা মাথার সন্ত্রাসী লিমন স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপের সাথে হাত মিলিয়ে নিজেকে রক্ষার চেষ্টা করছে।
এলাকাবাসীর দাবি,যৌথ বাহিনীর অভিযানে লিমন আটক হলে তার কাছ থেকে সন্ত্রাসের অনেক তথ্য উদঘাটন হবে৷ সেই সাথে উদ্ধার হবে অবৈধ অস্ত্রপাতি। সাধারণ মানুষের মাঝেও ফিরবে স্বস্তি।

Leave a Reply