ফিফা র্যাংকিংয়ে জাতীয় দলের অবস্থানের দিক দিয়ে সিঙ্গাপুর বেশ এগিয়ে, ১৬০তম। আর ভুটানের অবস্থান ১৮৫-তে। তবে যুবাদের খেলাতে দুই দলের লড়াইয়ে সিঙ্গাপুর জিতলেও খেলেছে কিন্তু ভুটান! এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান চ্যাম্পিয়নশিপের ই গ্রুপের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে রবিবার (৯ অক্টোবর) সিঙ্গাপুর ১-০ গোলে ভুটানকে হারিয়ে প্রথম জয় পেয়েছে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে রবিবার ভুটানের দাপট দেখা গেছে। আক্রমণও কম হয়নি। ম্যাচের ৪ মিনিটে তাদের একটি প্রচেষ্টা গোলকিপার ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন।
দুই মিনিট পর তেনজিন লেকদ্রুপের কর্নার জেতসুয়েন দর্জির হেড ক্রস বারের ওপর দিয়ে যায়।
৪১ মিনিটে তেনজিন লেকদ্রুপের দারুণ পাস থেকে রিনজিন দর্জি বক্সে ঢুকে দূরের পোস্টে শট নিলেও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

৪ মিনিট পর খেলার ধারার বিপরীতে সিঙ্গাপুর গোল পেয়ে যায়। ৪৫ মিনিটে কর্নার থেকে হয় জটলা। সেখান থেকে হ্যারিস ইলহান জোরালো শটে জাল কাঁপান।
পিছিয়ে থেকে বিরতির পর ভুটান গোল শোধের কম চেষ্টা করেনি। তবে সফল হতে পারেনি।
৮০ মিনিটে ভুটানের তেনজিন লেকদ্রুপের শট এক ডিফেন্ডার ব্লক করেন। শেষের দিকে পাহাড়বেষ্টিত দেশটির একটি প্রচেষ্টা গোলকিপার পোস্ট ছেড়ে এসে বিপদমুক্ত করেন। আর রেফারির শেষ বাঁশি বাজতেই সিঙ্গাপুরের উল্লাস শুরু হয়। মাঠেই একে অন্যকে জড়িয়ে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন তারা।
ই গ্রুপে তিন ম্যাচে সিঙ্গাপুর একটিতে জয় পেয়েছে। বিপরীতে ভুটান কোনও ম্যাচই জিততে পারেনি। দুই দলই বাছাই পর্ব থেকে আগেই বিদায় নিয়েছে।বাংলা ট্রিবিউন রিপোর্ট

Leave a Reply