ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীদের বিচারের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচী পালন করেছে পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। যশোর জেলা আইনজীবী সমিতি চত্বরে পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দের অংশগ্রহনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে ডক্টরস এ্যাসোসিয়েশন, শিক্ষক সমিতি, আইনজীবী সমিতি ও সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
যশোর আইনজীবী সমিতির মিলনায়তনে পেশাজীবী পরিষদ আয়োজিত অবস্থান কর্মসূচী ও সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুর রহমান।
বক্তব্য রাখেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্ত্তজা ছোট, দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলু, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব সাংবাদিক নেতা নূর ইসলাম, জেইউজের সভাপতি আকরামুজ্জামান আকরাম,
জেইউজের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, এ্যাডভোকেট আবু মুরাদ, প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান সাইফ, সাংবাদিক নেতা এসএম সোহেল, ডাক্তার রবিউল আলম, ডাক্তার রাহাত, ডাক্তার এহতেশাম পরাগ, শিক্ষক নেতা মকবুল হোসেন, আমিনুর রহমান মধু, আসাদুজ্জামান শাহীন, রাজিব হোসেন, ইবাদত খান প্রমুখ।
কর্মসূচীর শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল ছাত্র-জনতাকে স্বৈরাচারমুক্ত দেশ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানানো হয়। একই সাথে সাম্য, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র থেকে সকল প্রকার ঘুষ, দূর্নীতি ও অমানবিকতাবোধকে বিদায় করতে হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply