গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে ছাত্রদের গণ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যশোর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সাথে সম্পৃক্ত হয়েছে সাধারণ মানুষ, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী, বিভিন্ন পেশায় যুক্ত পেশাজীবী থেকে শুরু করে অভিভাবকবৃন্দ। ফলে সাধারণ ছাত্রদের সাথে হাজার হাজার সাধারণ মানুষের প্রতিবাদে মুখর যশোরের রাজপথ। ফলে গণ আন্দোলন আজ গণঅভ্যুত্থানে রুপ নিচ্ছে।এদিকে গতকাল শনিবার যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সামাজির, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবীরা পৃথক পৃথক ব্যানারে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার বেলা ১১ টা থেকে যশোর শহরের পালবাড়ি মোড়ে বিভিন্ন স্থান থেকে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ সমবেত হতে থাকে। গত শুক্রবারের বিক্ষোভের চেয়েও গতকাল শনিবারের বিক্ষোভ মিছিলে বেশি শিক্ষার্থী অংশ নেয়। তারা, “দাবি এক, দফা এক- শেখ হাসিনার পদত্যাগ” স্লোগানে স্লোগানে মুখরিত করে গোটা এলাকা। মিছিল চলাকালে রাস্তার দুই ধারের সাধারণ মানুষ তাদের করতালি দিয়ে মিছিলকারীদের স্বাগত জানায়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২ টার দিকে যশোর শহরের পালবাড়ি মোড়ের সমাবেশ শেষ করে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে এ বিক্ষোভে শত শত অভিভাবক, বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ যশোরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী যোগ দেন।
শনিবার বেলা ১১ টা থেকে যশোর শহরের পালবাড়ি মোড়ে জড়ো হয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ধর্মতলা, খোলাডাঙ্গা হয়ে চাঁচড়া তিন রাস্তার মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেয়।
মিছিল শুরুর আগে বৃষ্টি শুরু হলেও বন্ধ হয়নি শিক্ষার্থীদের অবস্থান। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যায় দশ সহস্রাধিক মানুষের মিছিলটি।
এরপর দুপুরে বিশাল এই গণজমায়েতে সংগঠকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান, ইমরান খান প্রমুখ। বক্তারা বলেন, অঅমাদের দাবি এক, দফা এক, শেখ হাসিনার পদত্যাগ।
এই খুনি সরকার ও তার প্রধানমন্ত্রীসহ মন্ত্রীপরিষদের সদস্যদের আমরা আর দেশের ক্ষমতায় দেখতে চাই না। আমরা এই অবৈধ সরকারের সাথে কোন আলাপ আলোচনা করবো না। আমাদের সংগ্রাম চলছে, চলবে। এই বাংলাদেশে অতীতে যেমন কোন ছাত্র-জনতার আন্দোলন ব্যর্থ হয়নি, তেমনি আমাদের এই আন্দোলনও ব্যর্থ হবে না।
এদিকে দেশব্যাপী ছাত্র জনতা গণহত্যা ও গণ গ্রেফতার এর প্রতিবাদে গতকাল বেলা ১১টায় প্রেস ক্লাব যশোরের সামনে শিক্ষক সমাজ ও সাংবাদিক ইউনিয়ন যশোর পৃথক দুটি মানববন্ধন করেছে। দীর্ঘ প্রায় ২ ঘন্টা ধরে মুজিব সড়কে চলা এই মানববন্ধন কর্মসূচীতে শিক্ষক নেতা মকবুল হোসেন, আমিনুর রহমান মধু, ফিরোজা আক্তার, শান্তনু ইসলাম সুমিত, সাংবাদিক নেতা লেখক গবেষক বেনজীন খান, নূর ইসলাম, আকরামুজ্জামান, তৌহিদ জামান, আনোয়ারুল কবির নান্টু প্রমুখ বক্তৃতা করেন।
একই সময় যশোর শহরের মণিহার চত্বর থেকে বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করে। বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজের সর্বস্তরের সাধারণ মানুষ এই মিছিলে অংশ গ্রহণ করেন। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে লালদিঘীপাড়ের কার্যালয়ে এসে শেষ হয়।

Leave a Reply