ভারতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটির ফাঁদে পড়ছে বেনাপোল স্থলবন্দর। এ সময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। পূজার ছুটির কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠানে কাঁচামালের সংকট দেখা দিতে পারে। তবে এ ছুটিতে বেনাপোল কাস্টম হাউস ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ছুটিতে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী ৬ অক্টোবর সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে দুর্গাপূজার ছুটির কারণে টানা চার দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ওপারের সিঅ্যান্ডএফ এজেন্ট থেকে পত্র দিয়ে আমাদের জানানো হয়েছে।
বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আকছির উদ্দিন মোল্যা জানান, ওপারে দুর্গাপূজার ছুটি থাকায় ২ থেকে ৫ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টরা আমাদের জানিয়ে দিয়েছেন। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে লোড-আনলোড ও কাস্টমসে কাজ চলবে। ৬ অক্টোবর সকাল থেকে দুই দেশের মধ্যে আবার আমদানি-রপ্তানি শুরু হবে বলে তিনি জানান।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পূজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সঙ্গে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারত থেকে আগত বা বাংলাদেশ থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন।
উল্লেখ্য, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। বেনাপোল থেকে কলকাতার দূরত্ব ৮৪ কিলোমিটার। এ কারণে এ পথে আমদানিতে আগ্রহ বেশি। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ৩ শ থেকে সাড়ে ৩ শ পণ্যবোঝাই ট্রাক আসে ভারত থেকে। এ ছাড়া শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে। ভারত থেকে আমদানীকৃত পণ্যের ৯০ শতাংশই আসে বেনাপোল বন্দর দিয়ে। টানা চার দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় এর প্রভাব বাজারে পড়বে বলে আশঙ্কা করছেন বন্দর ব্যবহারকারীরা।
Leave a Reply