আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গতরাতে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। টানা জয়ে দারুণ ফর্মে আছে নেইমার-রাফিনিয়ারা। কিন্তু তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচে ঘটতে পারত বড় কোনো বিপদ। এই ম্যাচেই নেইমারকে বিপজ্জনক ফাউল করেন তিউনিসিয়ার ডিফেন্ডার ডিলান ব্রন।ফাউল এতটাই গুরুতর ছিল যে কাতরাতে দেখা যায় নেইমারকে। এমন ফাউল করায় ম্যাচ শেষে ক্ষোভ ঝেড়েছেন ব্রাজিল কোচ তিতে।
ব্রাজিল কোচের মতে প্রীতি ম্যাচে এরকম চ্যালেঞ্জ নেওয়ার প্রয়োজন নেই। বিরক্তি নিয়ে তিতে বলেছেন,’স্টেডিয়ামে অধিকাংশ সমর্থক ছিল তিউনিসিয়ার। মাঝে মধ্যে আমি আমাদের ভক্তদের খুঁজে বের করার চেষ্টা করেছি, তারা সংখ্যায় খুব কম ছিল। এটি প্রতিযোগিতামূলক ম্যাচের আবহ তৈরি করেছিল। আমরা জানতাম যে মাঠের খেলা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, কিন্তু নেইমারের সঙ্গে যা ঘটেছে তা আমি কল্পনাও করতে পারিনি। একজন খেলোয়াড়ের বিশ্বকাপ শেষ করে দেওয়ার মতো ফাউল ছিল সেটি। ‘
গত বছর কোপা আমেরিকার ফাইনাল হারের পর টানা ১৫ ম্যাচ অপরাজিত আছে ব্রাজিল। কাতার বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্স দারুণ আত্মবিশ্বাস দিচ্ছে নেইমারদের। আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
Leave a Reply