যশোরে আটক এমপি আনার হত্যার মামলায় জড়িত শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম মেম্বারকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ দুপুরে যশোর সদর আমলী আদালতের বিচারক গোলাম কিবরিয়া শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
মামলার বাদী ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত ২৯ জুন বিকেলে বিষ্ফোরক মামলায় সাইফুল মেম্বারকে আদালতে সোপর্দ করে ১০দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ।
আটক সাইফুল আলম মেম্বার যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে।পুলিশ জানিয়েছে, সাইফুল মেম্বার চরমপন্থী নেতা শিমুল ভুঁইয়া ওরফে আমান উল্লাহর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত।
সে যশোরের অভয়নগর উপজেলার রাকিব, সুব্রত ও মণিরামপুর উপজেলার যুবলীগ নেতা প্রফেসর উদয় শঙ্কর হত্যা মামলায় জড়িত। তাকে গ্রেফতার অভিযান শুরু করলে সে ভারতে আত্মগোপনে চলে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮জুন রাত ৯টার দিকে যশোর শহরের বাবলাতলা এলাকার আদর্শ নার্সারি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ও বিস্ফোরক জব্দ করা হয়।
পরেরদিন বিকেলে তাকে যুবলীগ নেতা প্রফেসর উদয় শংকর হত্যা মামলা ও নতুন করে দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়। একইসাথে জিজ্ঞাসাবাদের জন্য বিস্ফোরক মামলায় ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিলো।পুলিশ সুপার কুলায় কুমার জোয়ারদার জানান,
সাম্প্রতিক সময়ে সাইফুল মেম্বার ভারতে ছিল। সে ভারতীয় মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ রক্ষা করতো। গত ২০ মে সে অবৈধ পথে দেশে ফিরে। এমপি আনারের ঘটনায় তার সম্পৃক্ততা আছে কিনা সেটি তদন্ত করে দেখা হবে।





Leave a Reply