বিশেষ প্রতিনিধি ঃ বঙ্গবন্ধুর স্নেহধন্য, বলিষ্ঠ রাজনৈতিক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা ডা. আলতাফ হোসেনের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি ও বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৯৯ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পারিবারিকভাবে দোয়া ও মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৯৩৬ সালের ২০ মে উপজেলার বন্দবিলা ইউনিয়নের খাজুরা বাজারে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আলতাফ হোসেনের জন্ম। পিতার নাম আব্দুল আজিজ উদ্দীন। তিন ভাই ও দুই বোনের মধ্যে বড় আলতাফ হোসেন। ১৯৫৪ সালে খাজুরা এম.এন.মিত্র মাধ্যমিক বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন। এরপর খুলনা থেকে চর্চা শেষে খাজুরা বাজারে ডাক্তারী শুরু করেন। এর আগে অষ্টম শ্রেণীতে পড়াকালীন প্রগতিশীল ছাত্র রাজনীতিতে যুক্ত হন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে বাঘারপাড়ায় নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের হাতে আটক হন আলতাফ হোসেন। তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এ্যাড. রওশন আলী তাঁকে সহ সহযোগিদের আদালত থেকে জামিন করেন। ১৯৭১ সালে যুদ্ধের দামামা বেজে গেলে আলতাফ হোসেন ভারতের চাঁপাবাড়িয়া ক্যাম্পে মেডিকেল অফিসার ও প্রশিক্ষক হিসেবে যোগ দেন।

দেশ স্বাধীনের পর মৃত্যুর পূর্ব পর্যন্ত বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের নাম প্রস্তাবকারী ও প্রতিষ্ঠাতা সভাপতি। খাজুরা মাখনবালা মাধ্যমিক বালিকা ও টিপিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খাজুরা কেন্দ্রীয় ঈদগাহের জমিদাতা ও প্রতিষ্ঠাতা। এছাড়া কে.কে.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তৎকালীন রাজনৈতিক মতাদর্শ থাকলেও ‘বন্দে মাতারাম, ব্রিটিশ তুমি ভারত ছাড়ো’ আন্দোলনের অন্যতম সংগঠক বিজয় চন্দ্র রায়ের সাথে কিছুকিছু আদর্শগত মিলের কারণে এ আন্দোলনেও যোগ দেন আলতাফ হোসেন। ১৯৯৯ সালের ২৩ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন বলিষ্ঠ এ রাজনীতিক।
খাজুরা আঞ্চলিক আওয়ামী লীগের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হামিদ লস্কার স্মৃতিকাতর হয়ে বলেন, ‘আলতাফ আমার স্কুল বন্ধু ছিল। তৎকালীন তাঁর নেতৃত্বেই বাঘারপাড়ায় ভাষা আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করে পুলিশের হাতে আটক হই। এমন দুদর্শিতার কথা শুনে বঙ্গবন্ধু যশোর থেকে বাইসাইকেলযোগে আলতাফকে দেখতে আসেন। সে সময় খাজুরা বাজার চালপট্টি বটতলা চত্বরে বঙ্গবন্ধু দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ হাদিউজ্জামান, খান টিপু সুলতান ও তবিবার রহমানের মত বাঘাবাঘা নেতারা তাঁর রাজনৈতিক সহকর্মী ছিলেন।’
বাঘারপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খন্দকার বলেন, ‘আলতাফ ভাই উপজেলা আওয়ামী লীগের পথিকৃত ছিলেন। পরোপকারী একজন মানুষ। অনেক কষ্টে জীবন গেছে তাঁর। কখনো নিজের জন্য কিছু করেননি। অকাতরে দলের জন্য কাজ করে গেছেন। তাঁর নীতিগত আদর্শ আজও আমাদের অনুপ্রাণিত করে।’
যশোর জেলা আওয়ামী লীগের বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন বলেন, ‘১৯৭০ উপজেলা ছাত্রলীগের সভাপতি থাকাকালীন ২ সেপ্টেম্বর বঙ্গবন্ধু বাঘারপাড়ায় আসেন। তখন আজিবার বিশ্বাস, ডা. আলতাফ হোসেন, ছদর উদ্দীন ও মাস্টার মমিন উদ্দীন ভাই উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিতেন। রাজপথে তাদের সরব উপস্থিতি নেতাকর্মীদের মাঝে প্রাণসঞ্চার করতো।’

আলতাফ হোসেনের ছোট ছেলে বন্দবিলা ইউনিয়নের তরুণ সমাজসেবক মাসুম রেজা খান বলেন, ‘আমার আব্বা (পিতা) আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা হলেও মৃত্যুর পরে কেউ আমাদের খোঁজ রাখেনি। এমনকি বীর মুক্তিযোদ্ধা হিসেবে সরকারিভাবে আজো তাঁর (আলতাফ হোসেন) কবর পাকা করা হয়নি। পারিবারিকভাবে আমার আব্বার মৃত্যুবার্ষিকী পালন করা হলেও দলীয়ভাবে তাঁকে স্মরণ করা হয় না। মৃত্যুপথযাত্রী আমার মা প্রতিবছর এই দিনে জাতির জনক বঙ্গবন্ধুসহ প্রয়াত সকল মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় কোরআন খতমের ব্যবস্থা করেন।’

Leave a Reply