সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে যশোর জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জ ডা. হাসান আব্দুল্লাহর অবসর স্থগিত করা হয়েছে। আজ কর্ম দিবসের শেষ দিনে হাসপাতালে তত্ত্বাবধায়ক এ সিদ্ধান্ত জানান। একইসাথে ডা. হাসান আব্দুল্লাহ ও তার সহকর্মী মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট গোলাম মোস্তফার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
অভিযুক্ত এ দুজনের বিরুদ্ধে ২২ লাখ ১৭ হাজার টাকা আত্মসাতের প্রমান মেলায় হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, চলতি বছরের মার্চ মাসে হাসপাতালের করোনা পরীক্ষার টাকার হিসেবে ব্যাপক গড়মিলের আভাস পায় কর্তৃপক্ষ। এরপর হাসপাতালের তত্ত্বাবধায়কের নির্দেশে গত ১২ মার্চ সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রহিম মোড়লকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। কমিটি তদন্ত শেষে আর্থিক গরমিলের প্রমাণ মিলেছে উল্লেখ করে প্রতিবেদন দাখিল করে।
তদন্ত কমিটির প্রধান ডা. আব্দুর রহিম মোড়ল জানান, প্যাথলজি বিভাগে কর্মরত সকলের গাফিলতিতে অর্থ তছরুপের ঘটনা ঘটেছে। তদন্তে ২২ লাখ টাকার অধিক টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। যে কারণে কমিটি ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে প্যাথলজি বিভাগের আয় ব্যয়ের অডিট করা হয়। অডিটরগণও তাদের দেয়া হিসাবে অডিট আপত্তি দাখিল করেন।
আর এ কারণেই ডা. হাসান আব্দুল্লাহ’র অবসর সুবিধা স্থগিত করা হয়েছে।
সূত্র আরো জানায়, ডাক্তার হাসান আব্দুল্লাহ পিআরএল এ থাকলেও তিনি প্যাথলজি বিভাগে দায়িত্ব পালন করছিলেন। আজ ২১ সেপ্টেম্বর তার শেষ কর্ম দিবস ছিল। আজ ফেয়ারওয়েল নেয়ার দিন থাকলেও তিনি অফিসে অনুপস্থিত ছিলেন। দুপুরের দিকে হাসপাতালে তত্ত্বাবধায়ক তার অবসর সুবিধা স্থগিতের নির্দেশনা জারি করেন।
এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আক্তারুজ্জামান জানান, অভ্যন্তরীণ তদন্ত কমিটির তদন্তে ও স্বাস্থ্য বিভাগের অডিটে ২২ লাখ ১৭ হাজার টাকা আত্মসাতের প্রমান মিলেছে। যে কারণে ডা. হাসান আব্দুল্লাহ’র অবসর সুবিধা স্থগিত করা হয়েছে। একই সাথে তার নামে ও প্যাথলজি বিভাগের মেডিকেল এসিস্ট্যান্ট গোলাম মোস্তফার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ডা.আক্তারুজ্জামান আরো জানান, আত্মসাতকৃত টাকা ফেরত দিলে ডা. হাসান আব্দুল্লাহর বিরুদ্ধে অবসরজনিত বিধিনিষেধ থাকবে না।
তিনি আরো বলেন, ডা. হাসান আব্দুল্লাহ গত মঙ্গলবার ঢাকায় যাবার কথা জানিয়েছিলেন। কিন্তু বুধবার দুপুর ও বিকেলে তাকে হাসপাতালের আশপাশের ঘুরতে দেখা গেছে। যে কারণে প্যাথলেজি বিভাগের দায়িত্ব এখনো নতুন কাউকে বুঝিয়ে দেয়া সম্ভব হয়নি।
শহিদ জয়
Leave a Reply