যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় বলেছেন, ‘আমরা সবাই সব ধর্মের প্রতিই শ্রদ্ধাশীল। এদেশে সবাই শান্তিপূর্ণভাবে মিলে মিশে নিজ নিজ ধর্ম পালন করি। এটাই আমাদের দেশের সৌন্দর্য। বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য শান্তির দেশ।’
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বাঘারপাড়া উপজেলার জহুরপুর সার্বজনীন পূজা মন্দিরে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ ও ২নং বিট অফিসার এ সমাবেশের আয়োজন করে।
শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে উৎসব পালনে সবার সহযোগিতা কামনা করে রণজিৎ রায় বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের সব ধর্মের মানুষ এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে বুকের রক্ত বিলিয়ে দিয়ে এই দেশ স্বাধীন করেছে। তখন থেকেই আমরা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে চলতে শিখেছি।’
সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন ও জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরপদ বিশ্বাস। বাঘারপাড়া থানার সেকেন্ড অফিসার রাজ কিশোর পালের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ অভিজিৎ সিংহ রায়, আটকী সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি মিলন বিশ্বাস ও জহুরপুর সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি সীমান্ত সরকার।
এ সময় উপস্থিত ছিলেন খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমান, জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারী, বেতালপাড়া সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কুমার বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান খোকন প্রমুখ।
সম্প্রীতি সমাবেশ শেষে মন্দির কমিটির হাতে সিসিটিভি ক্যামেরা তুলে দেন এমপি রণজিৎ রায়। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এ বছরে বাঘারপাড়া উপজেলায় অনুষ্ঠিত ৯১টি পূজা মন্ডপে ব্যক্তিগত অর্থায়নে সিসিটিভি ক্যামেরা প্রদান করবেন তিনি।
Leave a Reply