দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল। পরিকাঠামো নির্মাণে এখানে খরচ করা হচ্ছে কোটি কোটি টাকা। গড়ে উঠেছে আধুনিক টার্মিনাল। কিন্তু পরিষেবা সেই অন্ধকারেই।
এই সীমান্ত দিয়ে পাসপোর্ট নিয়ে বৈধভাবে যাতায়াত করতে গিয়ে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
অভিযোগ বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশনে একজন যাত্রীর পাসপোর্ট খতিয়ে দেখার কাজ সারতে সময় লাগে মাত্র ১৫ মিনিট। কিন্তু এপারে পেট্রাপোলে সেই কাজের জন্য পাঁচ থেকে ছয় ঘণ্টা লেগে যাচ্ছে। ফলে খোলা আকাশের নিচে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। রোগী হোক কিংবা কোনো অন্তঃসত্ত্বা নারী বা বয়স্ক মানুষ, রেহাই মিলছে না কারো।
এদিকে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে হওয়ায় রোদে পুড়তে হচ্ছে যাত্রীদের। ভিজতে হচ্ছে বৃষ্টিতে। শৌচাগারে যাওয়ারও কোনো সুযোগ নেই। কারণ লাইন হাতছাড়া হওয়ার আশঙ্কা। সব মিলিয়ে এক দুর্বিষহ যন্ত্রণা ভোগ করতে হচ্ছে যাত্রীদের। যেসব ভারতীয় বাংলাদেশে আসছেন, তাদের ক্ষেত্রে ইমিগ্রেশনে তুলনামূলকভাবে কিছুটা কম ভোগান্তি হলেও, বাংলাদেশের যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা পেট্রাপোল ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারত-বাংলাদেশের যাতায়াতকারী যাত্রীরা। যদিও এ নিয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ ছাড়া পেট্রাপোল কাস্টমস তল্লাশি কেন্দ্রে জোরপূর্বক টাকা রেখে দেওয়া হচ্ছে। যাত্রীরা ব্যাগ নিয়ে আসা-যাওয়ার পথে কাস্টমসের অফিসার ও সিপাহিরা বাক্স খুলে বসেছেন। টিনের বাক্সে টাকা না দিলে পার হওয়া কষ্টকর। ব্যাগের ওজন বেশি হলে ৫০০ থেকে ১০০০ টাকা না দেওয়া পর্যন্ত পারাপারের কোনো সুযোগ নেই।
যাত্রীদের বক্তব্য, পেট্রাপোল ইমিগ্রেশনে দীর্ঘ সময় নষ্ট হওয়ায় গন্তব্যে পৌঁছতে গিয়ে চরম নাকাল হতে হচ্ছে তাদের। ট্রেন-বাস পাচ্ছেন না। ফলে দিনের দিন কলকাতায় পৌঁছতে না পেরে কাজের ক্ষতি হয়ে যাচ্ছে তাদের। চিকিৎসকের অ্যাপয়নমেন্ট বাতিল হয়ে যাচ্ছে। বাতিল হয়ে যাচ্ছে বিমানের টিকিটও। রাত হয়ে যাওয়ায় পেট্রাপোল সীমান্তেই বা বনগাঁ শহরে হোটেল ভাড়া করে থাকতে হচ্ছে।
পাসপোর্ট, ভিসা নিয়ে পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়া যাত্রীদের বক্তব্য, যারা ট্রেনে বা বিমানে বাংলাদেশ থেকে ভারতে আসছেন, তাদের তো এই ঝামেলা পোহাতে হচ্ছে না। তাহলে পেট্রাপোল সীমান্ত দিয়ে গেলে কেন তাদের এই ভোগান্তির শিকার হতে হবে?
বাংলাদেশের যাত্রীদের বক্তব্য, চিকিৎসা, পড়াশোনা, ব্যবসা কিংবা বেড়ানোর জন্য প্রতিদিনই কয়েক হাজার মানুষ ভারতে যায়। যারা সড়কপথে বাংলাদেশ থেকে ভারতে যেতে চায়, তাদের কাছে প্রথম পছন্দ বেনাপোল-পেট্রাপোল। কারণ এখান থেকে কলকাতায় পৌঁছনো তুলনামূলকভাবে সহজ। কিন্তু যেভাবে তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে, তাতে বিরক্তি চূড়ান্ত পর্যায়ে। ভারতের ইমিগ্রেশনে ধীরগতিতে কাজ চলায় যাত্রীরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছে।
বেনাপোলের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ফজলুর রহমান জানান, পেট্রাপোল ইমিগ্রেশনে দীর্ঘ সময় তো লাগছেই, তার ওপর রয়েছে কুলি ও দালালদের দাপট। যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে সিরিয়াল ভেঙে লাইনে আগে ঢুকিয়ে দেওয়ার টোপ দেওয়া হয়। দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর হাত থেকে নিস্তার পেতে অনেকে দালালদের টাকা দেন। কিন্তু আদৌও তারা কোনো কাজ না করে দিয়ে লাপাত্তা হয়ে যায়। এসব নিয়ে বলতে গেলে বিএসএফের দুর্ব্যবহারের শিকার হতে হয়।
ভারতে চিকিৎসা করিয়ে বাংলাদেশে ফেরা খুলনার শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘সকাল ৯টায় আমরা পেট্রাপোল সীমান্তে আসি। কিন্তু মোটেই কাঙ্ক্ষিত পরিষেবা মেলেনি সেখানে। নো ম্যান্স ল্যান্ডে আমাদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। একটি পরিবহনের কর্মীরা আগে আগে ইমিগ্রেশনের কাজ করে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে এক হাজার টাকা নেন। কিন্তু কিছুই করেননি। শুধু আমাদের সঙ্গে যে ব্যাগপত্র ছিল, সেগুলো কিছুটা পথ বহন করে দিয়েছেন, এটুকুই। অন্যদিকে কাস্টমসে টাকা নেওয়া ও বিএসএফের দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে। ’
পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরা ঢাকার অরুণ পাল বলেন, ‘আমরা সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি নিয়ে সরকারকে ট্যাক্স দিয়ে ভারতে যাচ্ছি। তাহলে আমাদের সঙ্গে এমন আচরণ করা হবে কেন? ওই যাত্রীর অভিযোগ, পেট্রাপোল সীমান্তে ইমিগ্রেশনে কর্মীর সংখ্যা কম, ইন্টারনেট সমস্যা এসব তো আছেই। তার সঙ্গে প্রশাসনের মারমুখী আচরণ। দিনভর না খেয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এটা অমানবিক ছাড়া কী হতে পারে?’
সূত্র জানায়, পেট্রাপোল ইমিগ্রেশনে ১৪টি ডেস্ক রয়েছে। অথচ কাজ হয় মাত্র তিন-চারটি ডেস্কে। জানতে চাইলে বলা হয়, কর্মীর সংখ্যা কম। ফলে সব ডেস্ক খোলা সম্ভব হচ্ছে না। এরই জেরে যাত্রীদের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
ভারতের ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য তথা পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক পরিতোষ বিশ্বাস বললেন, ভারত-বাংলাদেশ যাতায়াতকারী যাত্রীদের পেট্রাপোল সীমান্তে যে কিভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে, চোখে না দেখলে তা বিশ্বাস করা কঠিন। ধরা যাক, লাইনে ৫০০ জন দাঁড়িয়ে আছে। খুব বেশি হলে ৫০ জন ইমিগ্রেশন বিল্ডিংয়ের ভেতরে। বাকি ৪৫০ জনকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে নো ম্যান্স ল্যান্ডে খোলা আকাশের নিচে। যাত্রীদের জন্য কোনো কম্ফোর্ট জোন নেই। তারা লাইনে থাকা অবস্থায় জল, খাবার পান না। শৌচাগারে যাওয়ারও কোনো সুযোগ নেই। ইমিগ্রেশনে ১৪টির বেশি কাউন্টার থাকলেও খোলা থাকে মাত্র দু-চারটে। সকাল ১০টায় লাইনে দাঁড়িয়ে পাসপোর্ট পরীক্ষা হতে বিকাল ৪টা বেজে যায়। কিছুদিন আগে আমিও বাংলাদেশে গিয়েছিলাম। আমাকেও পেট্রাপোল ইমিগ্রেশনে তিন ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। ’
তিনি বলেন, যাত্রীর স্বাচ্ছন্দ্য বলে সেখানে কিছু নেই। দুই-তিনটা কাউন্টার খোলা। অথচ মাঝেমধ্যেই কোনো কাউন্টার থেকে অফিসার উঠে চলে যাচ্ছেন। ১৫ মিনিট, ২০ মিনিট পর তিনি ফিরছেন। কারো কিছু বলার নেই। গত ঈদের সময় পেট্রাপোল সীমান্ত দিয়ে দিনে সাত-আট হাজার যাত্রী যাতায়াত করেছে। এবার সেই সংখ্যা অনেক কমে গেছে। যারা যাতায়াত করছে তারা নিরুপায় হয়ে।
পেট্রাপোল এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ দে বলেন, পেট্রাপোল সীমান্ত দিয়ে পাসপোর্টে যাতায়াত করা যাত্রীদের যে কী চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, তা বলার ভাষা নেই। পেট্রাপোল ইমিগ্রেশনে ম্যান পাওয়ার কম। ফলে কম কর্মী, আধিকারিক দিয়ে বিপুলসংখ্যক যাত্রীকে পরিষেবা দিতে গিয়ে কার্যত নাকানি-চুবানি খেতে হচ্ছে। শুধু পাসপোর্ট চেক করতে পাঁচ-ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটা ভাবা যায়?
তিনি বলেন, একে তো ম্যান পাওয়ার কম, তার ওপর প্রায় দিন সার্ভারের সমস্যা। ফলে কাজ বন্ধ। খুবই খারাপ লাগে যখন দেখি কোনো শিশু কোলে মহিলা বা বয়স্ক নাগরিক রোদ-বৃষ্টির মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন। অন্তঃসত্ত্বা নারীদেরও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কারো জন্য কোনো ছাড় নেই। যাত্রীরা যখন ইমিগ্রেশনের লাইনে ঢোকার জন্য নো ম্যান্স ল্যান্ডে অপেক্ষা করে তখন সবচেয়ে কঠিন পরিস্থিতি তৈরি হয়। এই সমস্যার একটা সমাধান হওয়া প্রয়োজন। বিষয়টি নিয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে বহুবার জানানো হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি।
পেট্রাপোল স্টাফ অ্যান্ড ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করে গেলেন। ভারত-বাংলাদেশ মৈত্রী ও সম্পর্ক আরো মজবুত করার কথা বলা হচ্ছে। কিন্তু পেট্রাপোল সীমান্ত দিয়ে যাতায়াত করা বাংলাদেশের যাত্রীদের অভিজ্ঞতা মোটেই ভালো নয়। প্রকাশ্যেই তারা তা বলছেন।
তিনি বলেন, আপেক্ষিকভাবে মনে হতে পারে, বিষয়টি ছোট। কিন্তু অবশ্যই এ বিষয়ে নজর দেওয়া দরকার। না হলে ভারতের পরিষেবা সম্পর্কে একটা খারাপ বার্তা যাবে। পেট্রাপোলে আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল হয়েছে। তার পরও পরিষেবার এতটুকু উন্নতি হবে না কেন? কেন একজন যাত্রীকে লাইনে পাঁচ-ছয় ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে? এর দুর্ভোগ থেকে রেহাই পেতে অনেকে দালাল ধরে সাইড লাইনে অর্থাৎ বিনা পাসপোর্টে ভারতে আসার চেষ্টা করছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘পেট্রাপোল বন্দরে যাত্রীদের ভোগান্তির বিষয়টি সম্পূর্ণ ওপাশের ব্যাপার। তবে আমাদের বেনাপোল বন্দরে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করছে। আমাদের এখানে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে যাত্রীদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। অথচ পেট্রাপোল ইমিগ্রেশনে ধীরগতির কারণে ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিষয়টি আমরা তাদের অনেকবার বলেছি। কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনছে না। প্রতিদিন ভারতফেরত যাত্রীদের অভিযোগ শুনতে শুনতে নিজেরও খারাপ লাগে। ’
সুত্র কালের কন্ঠ
Leave a Reply