যশোর জেলা বিএনপির ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেছেন, নির্বাচনের নামে ৭ জানুয়ারি বানরের পিঠা ভাগাভাগি হয়েছিল। ওই দিন বিএনপির লিফলেটের কাছে শেখ হাসিনার ডামি নির্বাচনের ব্যালট পরাজিত হয়েছিল। বিএনপি জনগণকে প্রহসনের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে দেশব্যাপী লিফলেট বিতরণ করেছিল। জনগণ সেদিন বিএনপির ডাকে আকুণ্ঠ সমর্থন দিয়ে শেখ হাসিনার ব্যালটকে প্রত্যাখ্যান করেছিল।
গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রামরত নির্যাতিত-নিপীড়িত নেতা-কর্মী ও স্বজনহারা পরিবারের সম্মানার্থে গতকাল শনিবার ইফতার মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল চত্বরে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম সভাপতিত্ব করেন। ইফতার মাহফিলে বর্তমান সরকারের শাসন আমলে আইন শৃঙ্খলা বাহিনী সদস্য ও সরকার দলীয় সন্ত্রাসীদের হাতে নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। এসময় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও গুরুতর অসুস্থ দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ যশোর জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের প্রয়াত সকল নেতা-কর্মীর রুহের মাগফিরাত কামনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, ডামি সরকার দেশের জনগণের সকল আশা ভরসা ধ্বংস করে দিয়েছে। জনগণের প্রতি তাদের ন্যূনতম কোন আস্থা নেই। যে কারণে তাদেরকে ( আওয়ামী লীগ) বিদেশী প্রভুদের কাছে গিয়ে ক্ষমতায় রাখার জন্য বলতে হয়। আজকে দেশের প্রতিটি সেক্টর যেভাবে ধ্বংসের সম্মুখীন,ঠিক একই ভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্মূখীন।
দেশের জনগণের আস্থা অর্জনই হলো একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় অর্জন। দেশের জনগণ বিএনপির প্রতি আস্থা রেখেছে এটি আমাদের সবচেয়ে বড় অর্জন। বিগত এক যুগের অধিক সময় ধরে বিএনপির প্রতিটি নেতা-কর্মী যে ত্যাগ স্বীকার করেছে তা কোন দিন বৃথা যাবে না। গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন অব্যাহত থাকবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদকস জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ূব প্রমুখ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সদস্য অ্যাড. মো. ইসহক, অ্যাড. জাফর সাদিক, গোলাম রেজা দুলু, একে শরফুদ্দৌলা ছোটলু, মারুফুল ইসলাম , অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পদাক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পদাক আঞ্জুরুল হক খোকন,
সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড.শহীদ ইকবাল হোসেন, অভয়নগর উপজেলা আহ্বায়ক ফারাজি মতিয়ার রহমান, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম, বাঘারপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুর রহমান, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোত্তর্জা এলাহী টিপু প্রমুখ।

বিশেষ প্রতিনিধি
Leave a Reply