যশোর শহরের গাড়িখানা রোডের আলাউদ্দিন টাওয়ারের একটি মোবাইলের দোকানে বোরকা পরে চুরির ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযুক্তরা হলো, ওই দোকানের দুই কর্মচারী বারান্দি মোল্লাপাড়ার ইশান আরাফ ও মীর আব্দুল্লাহ ও তাদের বন্ধু দোকানের সাবেক কর্মচারি মোল্লাপাড়ার তাজউদ্দীন জীম।
মামলার তদন্ত শেষে বৃহস্পতিবার আদালতে এ চার্জশিট দাখিল করেন পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই হেলালউজ্জামান।
পুলিশ জানিয়েছে, গাড়িখানা রোডের আলাউদ্দিন টাওয়ারের দ্বিতীয় তলায় আশরাফুজ্জামান নামে এক ব্যক্তির ফ্লাগশিপ এক্সচেঞ্জ নামে মোবাইল ও ল্যাপটপের দোকান রয়েছে।
গত বছরের ৩ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে আশরাফুজ্জামান দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এরপর রাত সোয়া ৯টার দিকে সন্দেহভাজন দু’জনকে দোকানের তালা খুলতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর তাদেরকে হাতেনাতে আটক করা হয়। এদের মধ্যে ইশান আরাফ বোরকা পরে মেয়ে সেজে চুরি করতে আসে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটকদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে স্বীকার করে, ল্যাপটপ ও মোবাইল ফোনসেট চুরি করার জন্য বর্তমান কর্মচারী মীর আব্দুল্লাহ তাদেরকে দোকানের চাবি সরবরাহ করেছিলেন।
পরে তাদের স্বীকারোক্তিতে দড়াটানায় অভিযান চালিয়ে আব্দুল্লাহকে আটক করা হয়। তদন্ত শেষে আদালতে তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয় পুলিশ।

বিশেষ প্রতিনিধি
Leave a Reply