সম্প্রতি ভারত সফরের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বুধবার বিকেল ৪টায় গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। তবে সংবাদ সম্মেলনটি কোথায় হবে সেটি এখনও জানানো হয়নি।
আজ সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় তার ভারত সফর পরবর্তী প্রেস কনফারেন্স (সরাসরি) করবেন।
চলতি মাসের ৫ সেপ্টেম্বর চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানি বণ্টন, মানব পাচার রোধ ইত্যাদি অগ্রাধিকার পায়।
দ্বিপক্ষীয় বৈঠকের পর অভিন্ন সীমান্ত নদী কুশিয়ারা থেকে ১৫৩ কিউসেক পানি প্রত্যাহারসহ প্রতিবেশী ভারতের সঙ্গে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

Leave a Reply