বাংলাদেশ বিনিয়োগের সবচেয়ে উদার দেশ-এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতীয় বিনিয়োগকারীদের এদেশের অবকাঠামো, শিল্পকারখানা, জ্বালানি ও পরিবহণ খাতে ব্যাপক বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। বুধবার নয়াদিল্লির হোটেল আইটিসি মাউরিয়ায় দুদেশের উচ্চপর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে।

বৈঠকে বাংলাদেশের ব্যবসায়ীরা ১২টি নতুন পণ্য ভারতের বাজারে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে বাংলাদেশের পাট, সিরামিকসহ বিভিন্ন পণ্য আমদানিতে আগ্রহ দেখান ভারতীয় ব্যবসায়ীরা।এছাড়াও ভারতীয় ব্যবসায়ীরা আইটি সেক্টর এবং অ্যাগ্রো প্রসেসিংসহ অ্যাগ্রো-সংশ্লিষ্ট সেক্টরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। আর ভারতের আদানি গ্রুপ বিদ্যুৎ খাতে ব্যবসা আরও বাড়ানোর কথা বলেছে।এর পাশাপাশি তাদের পোর্ট ব্যবহারের জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের আহ্বান জানায় এবং বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে।বৈঠকে ভারতীয় ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে তার সরকারের পক্ষ থেকে সব নীতিগত সুবিধা দেওয়া হবে। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধার কথাও জানান প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ী যুগান্তরকে বলেন, বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে ভারতীয় ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কয়েকটি প্রতিবন্ধকতার কথা জানান।তারা আমলাতান্ত্রিক জটিলতা, লাল ফিতার দৌরাত্ম্য, অবকাঠামো ও কানেকটিভিটির দুর্বলতা, বন্দর দুর্বলতা দূর করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তাদের এসব সমস্যা দূর করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমি ভারতীয় বিনিয়োগকারীদের অবকাঠামো, প্রকল্প, শিল্পকারখানা, জ্বালানি এবং পরিবহণ খাতে সম্ভাব্য বিনিয়োগ বিবেচনা করার জন্য অনুরোধ করব। ভারতীয় বিনিয়োগকারী ও ব্যবসায়িক প্রতিষ্ঠান কম সময়ে, সাশ্রয়ী ব্যয় এবং স্বল্প সম্পদে উৎপাদিত পণ্য বিক্রয়ের নিশ্চয়তাসহ বাই-ব্যাক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শিল্প স্থাপন করতে পারেন।’

তিনি আরও বলেন, বাংলাদেশে এই অঞ্চলের সবচেয়ে উদার বিনিয়োগব্যবস্থা রয়েছে, যেখানে বিস্তৃত সুযোগ-সুবিধা, আকর্ষণীয় প্রণোদনা নীতি এবং ধারাবাহিক সংস্কার প্রক্রিয়ার সুযোগ রয়েছে। বর্তমানে শিল্প, কর্মসংস্থান, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি এবং বহুমুখীকরণের মাধ্যমে বিনিয়োগ ও দ্রুত অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং ২৮টি হাই-টেক পার্ক স্থাপন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় বিনিয়োগকারীদের জন্য মোংলা এবং মীরেরসরাইয়ে দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হচ্ছে। আমি আজ (বুধবার) এখানে উপস্থিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সেখানে বিনিয়োগ করার জন্য অনুরোধ করব। এটি দুই বন্ধুপ্রতিম দেশের সদিচ্ছা কাজে লাগানোর পথকে আরও প্রশস্ত করবে এবং এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি আনবে। ভৌগোলিকভাবে বাংলাদেশের সুবিধাজনক অবস্থানের কারণে ভারতীয় বিনিয়োগকারীরা তাদের পণ্য শুধু ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতেই নয়, নেপাল, ভুটান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয়ও রপ্তানি করতে সক্ষম হবেন। শেখ হাসিনা বলেন, ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায়ের বাংলাদেশের দিকে আরও বেশি মনোযোগ দেওয়ার এবং এর অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্বল্প খরচ এবং বিশাল ভোক্তা ভিত্তির সুবিধা নেওয়ার সময় এসেছে। তিনি বলেন, শিল্পের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং আমাদের কৌশলগত অবস্থানের পূর্ণ সুবিধা নিতে তারা মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুই প্রতিবেশী দেশের সম্পর্ক প্রতিবেশী কূটনীতির রোল মডেল হিসাবে পরিচিত। বাংলাদেশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন এবং বাণিজ্য অংশীদার। বাংলাদেশ থেকে ভারতে সবচেয়ে বেশিসংখ্যক পর্যটক ও চিকিৎসার জন্য রোগী আসে। এ প্রসঙ্গে তিনি বলেন, হাজার হাজার ভারতীয় নাগরিক এখন বাংলাদেশে কাজ করছে।
তারা উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান গভীর বন্ধুত্বের বন্ধন ক্রমাগত বৃদ্ধি পাবে এবং বিকাশ লাভ করবে। এজন্য উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায়কে ঘনিষ্ঠ হওয়া এবং আমাদের জনগণের পারস্পরিক সমৃদ্ধি এবং অর্থনৈতিক অগ্রগতিতে তাদের যথাযথ ভূমিকা পালন করা উচিত। এর মাধ্যমে আমরা এই অঞ্চলে সমৃদ্ধি ও শান্তি আনতে সক্ষম হব। ব্যবসায়িক ইভেন্টে অংশগ্রহণ দুই দেশের ব্যবসায়ী নেতাদের মধ্যে আলোচনা ও ধারণা শেয়ার করার সুযোগ দেয় জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি বিশ্বাস করি সফল উদ্যোগ নীতি নির্ধারক এবং ব্যবসায়ী নেতাদের একে অপরকে জানার, ধারণার বিনিময় এবং নিজ নিজ অগ্রাধিকার, সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বোঝার সুযোগ করে দেয়। এই ইভেন্টে আশা করি আমাদের বন্ধুপ্রতিম দেশ দুটির মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার প্রতিফলন ঘটাবে।’

প্রধানমন্ত্রী বলেন, এটি আনন্দের বিষয় যে চলমান চ্যালেঞ্জ (করোনা ও ইউক্রেন যুদ্ধ) সত্ত্বেও ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতির মধ্যে অন্যতম। অনেক বিশেষজ্ঞ ভবিষ্যদ্বাণী করেছেন, বর্তমানে বিশ্বের ষষ্ঠ অর্থনীতির ভারত ২০৫০ সালের মধ্যে যুক্তরাষ্ট্র ও চীনের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতে পারে। তিনি বলেন, প্রকৃতপক্ষে বিশ্বব্যাংক, এডিবি এবং আইএমএফ ভারতকে ২০২১-২৪ সালে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসাবে তুলে ধরেছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশও ১৯৭১ সালে বিধ্বংসী মুক্তিযুদ্ধের পর থেকে একটি সার্বভৌম, স্বাধীন দেশ হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ বাস্তবায়নে অনুপ্রাণিত হয়ে অনেক দূর এগিয়েছে। দুর্ভিক্ষ ও খাদ্য সহায়তার ওপর নির্ভরতা থেকে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ এখন চাল, শাকসবজি, শস্য ও মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বের বৃহত্তম উৎপাদনকারী দেশগুলোর অন্যতম।
প্রধানমন্ত্রী বলেন, গত দশ বছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্য ব্যাপক বৃদ্ধি পেয়েছে এবং ভারসাম্য অনেকটাই ভারতের পক্ষে ছিল। বর্তমানে উন্নত উৎপাদন ক্ষমতার সঙ্গে বাংলাদেশ ভারতের বাজারে প্রতিযোগিতামূলক মূল্যে মানসম্পন্ন পণ্য সরবরাহ করতে প্রস্তুত। তিনি বলেন, ‘তাই আমরা ভারতীয় আমদানিকারকদের বাংলাদেশি পণ্যগুলোর দিকে দৃষ্টি ফেরানোর জন্য আমন্ত্রণ জানাই, যেগুলো তারা দূরের দেশগুলো থেকে উচ্চমূল্যে আমদানি করছেন।’তিনি উল্লেখ করেন, বৃহত্তর লাভের জন্য বাংলাদেশ-ভারত সহযোগিতাকে বাণিজ্যের বাইরে যেতে হবে। এতে বিনিয়োগ, অর্থ, পরিষেবা, প্রযুক্তি স্থানান্তর অন্তর্ভুক্ত এবং আঞ্চলিক সহযোগিতার প্রেক্ষাপটে স্থাপন করা উচিত।

প্রধানমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশে এফডিআই প্রবাহের মোট পরিমাণ ছিল ১৩৭০.৩৫৭ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে ভারত থেকে এর অনুপাত ছিল ১৫.৭৫১ মিলিয়ন মার্কিন ডলার, যা এফডিআই প্রবাহের মাত্র ১.১৫ শতাংশ। তাই নিশ্চিতভাবেই দ্বিমুখী বাণিজ্য এবং বিনিয়োগের সুবিধা অর্জনের উপায় খুঁজে বের করতে ব্যবসায়ী সম্প্রদায় এবং বাণিজ্য সংস্থাগুলোকে সম্পৃক্ত করার মাধ্যমে আমাদের দুই দেশের মধ্যে আরও সহযোগিতার প্রয়োজন রয়েছে।বাংলাদেশের ১২টি নতুন পণ্য : অনুষ্ঠান শেষে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, ১২টি নতুন পণ্য ভারতের বাজারে দিতে চান বাংলাদেশের ব্যবসায়ীরা। অন্যদিকে বাংলাদেশের সিরামিকস, পাটসহ বিভিন্ন পণ্য আমদানিতে আগ্রহ দেখিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। জসিম উদ্দিন আরও জানান, বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে ভারতের ব্যবসায়ীরা আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু তারা কয়েকটি প্রতিবন্ধকতার কথা বলেছেন। বিনিয়োগ সহজ করতে ভারতীয় ব্যবসায়ীরা ভিসা জটিলতা দূর করার কথা বলেছেন। অন্যদিকে ভারতের বাজারে বিনিয়োগের ক্ষেত্রে নীতি সংশোধন চেয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

নয়াদিল্লির আইটিসি মৌরিয়া হোটেলে দুই দেশের ব্যবসায়ীরা বৈঠকে বসেন। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এর আগে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ৯টি রাজ্যের উন্নয়নমন্ত্রী কিষান রেড্ডির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সফরের তৃতীয় দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি যোগ দেন বাংলাদেশ ও ভারতের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠকে।আদানি গ্রুপ : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, ভারতের কয়েকটি কোম্পানি বাংলাদেশে আইটি সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে তারা ই-গেমসের ব্যাপারে আগ্রহী। অন্যদিকে আদানি গ্রুপ বিদ্যুৎ সেক্টরে আরও ব্যবসা বাড়াতে চায়। তিনি বলেন, আদানি গ্রুপ তাদের পোর্ট ব্যবহারের জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে তারা অবকাঠামো খাতেও বিনিয়োগ করতে চায়। সোলার সিস্টেমে পরিবর্তন ঘটিয়ে ২৪ ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের একটি প্রযুক্তিও বাংলাদেশে আনতে চায় বলে জানান সালমান এফ রহমান।
কৈলাশ সত্যার্থীর সাক্ষাৎ : এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের শিশু অধিকার কর্মী ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কৈলাশ সত্যার্থী। নয়াদিল্লির হোটেল আইটিসি মাউরিয়ায় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ৯০-এর দশক থেকে ভারতে শিশু শ্রমের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন কৈলাশ সত্যার্থী। তার সংগঠন বাচপান বাঁচাও আন্দোলন ২০১৪ সালের অক্টোবর পর্যন্ত ৮০ হাজারেরও অধিক শিশুকে ক্রীতদাসের জীবন থেকে মুক্ত করেছে। পাশাপাশি এসব শিশুর পুনর্বাসন ও শিক্ষায় সহযোগিতা করে আসছে তার সংগঠন। পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের সঙ্গে যৌথভাবে তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়।

আবার সীমান্ত হাট চালুর আলোচনা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়নমন্ত্রী জি কিষেন রেড্ডি। এ সময় তিনি বলেন, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরও জোরদারে প্রচলিত বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি সীমান্ত হাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিষয়টি বিবেচনায় নিয়ে করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া সীমান্ত হাটগুলো আবার চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের এ মন্ত্রী। প্রধানমন্ত্রী কিষেন রেড্ডিকে বলেন, আঞ্চলিক মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা যত বেশি সফর করবেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা তত দ্রুত বাড়বে।
কিষেন রেড্ডি আগরতলা-আখাউড়া রেললাইন নির্মাণ ও সংলগ্ন সমন্বিত চেকপোস্ট তৈরির জটিলতার প্রসঙ্গও উত্থাপন করেন। তিনি বলেন, ভারতের অর্থায়নে পুরো প্রকল্পটি তৈরি হলেও বাংলাদেশের দিকে কাজের ধীরগতিতে শেষ হচ্ছে না। ভারতের উত্তর-পূর্বাঞ্চল চা চাষে অত্যন্ত সমৃদ্ধ। বৈঠকে এ বিষয়ে বলা হয়, ভারত থেকে চা আমদানিতে বাংলাদেশ আগ্রহী হলে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। নিউজ দৈনিক যুগান্তর

Leave a Reply