যশোর শিক্ষা বোর্ড মডেল শিক্ষার্থীদের বেতন-সেশন চার্জ এখন সরকারি নিয়মে
বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
৭১
বার পড়া হয়েছে
যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বেশি সেশনচার্জ ও বেতনের বোঝা দূর হয়েছে। এখন থেকে তারা সরকারি নিয়মে তাদের কাছ থেকে নেয়া হবে বেতন ও সেশনচার্জ। ৪ সেপ্টেম্বর অধ্যক্ষ শফিকুল ইসলাম সাক্ষরিত নোটিশের মাধ্যমে এতথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির মাধ্যমে (স্মারক নম্বর ৩৭.০০. ০০০০. ০৭১. ১৮.০০২.১৭ (অংশ-৩)-১২২৭) নির্দেশ মোতাবেক এ বেতন নেয়া হবে বলে উল্লেখ করা হয়েছে। তবে বাসের জন্য বিধি মোতাবেক ফি নির্ধারণ করা হবে।
বিদ্যালয় সূত্র জানায়, ২০০৭ সালে যশোর শিক্ষা বোর্ড একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে। যার নাম দেয়া হয় শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠানে প্রাথমিক শাখার শিক্ষার্থীদের ভর্তির সময় সেশনচার্জ ছিল ৬ হাজার ৪৭০ টাকা ও বেতন ছিল ৮শ’ টাকা।
ষষ্ঠ থেকে ৮ম শ্রেণির সেশনচার্জ ছিল ৬ হাজার ৭৭০ টাকা ও বেতন ৮৫০ টাকা, নবম ও দশম শ্রেণির সেশনচার্জ ছিল ৭ হাজার ৪৭০ টাকা ও বেতন ৯শ’ টাকা। একাদশে সেশনচার্জ ২ হাজার ৯২০ টাকা বেতন ছিল ৯শ’ টাকা। ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি সরকারিকরণ করা হলেও একই নিয়মে বেতন নেয়া হতো শিক্ষার্থীদের কাছ থেকে।
গত ১৬ আগস্ট ৩৪ জন শিক্ষককে সরকারি করণ করা হয়। আর সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীদের বেতন সরকারি নিয়মে নেয়া হবে। ২০১৭ সালের ১০ ডিসেম্বর তারিখের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের নির্দেশনা মোতাবেক সেপ্টেম্বর ২২ থেকে সরকারি বিধি মোতাবেক শিক্ষার্থীদের কাছ থেকে বেতন ও টিউশনসহ অন্যান্য ফি নেয়া হবে।
তবে শিক্ষার্থীদের বকেয়া থাকা বেতন ও অন্যান্য ফি ১২ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে।এ ব্যাপারে অধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ন্যায় শিক্ষার্থীদের কাছ থেকে বেতন ও সেশনচার্য গ্রহণ করা হবে। নিউজ দৈনিক স্পন্দন
Leave a Reply