যশোরে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে মোস্তাফিজুর রহমান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা জেলার সুলতানপুর শাহাপাড়ার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।
নিহতের ভাই মোত্তালির জানান, খুলনার একটি ফিড কোম্পানিতে চাকরি করতেন মোস্তাফিজুর রহমান। রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাতটায় বাসা থেকে বের হয়ে খুলনায় অফিসে যান। খুলনা থেকে অফিসিয়াল কাজে ঝিনাইদহ যান। এরপর আর কিছু বলতে পারবো না।


নিহতের স্ত্রী জান্নাতুল বলেন, মোস্তাফিজুর রহমান ঝিনাইদহ যাচ্ছিলেন, এসময় সাথে তার সহকর্মী রবিউল ইসলাম ছিলেন। হঠাৎ করেই তার মোবাইল বন্ধ পায়, তারপর খোঁজ নেয়ার অনেক চেষ্টা করি। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) ভোররাতে জানতে পারি যশোরের চাঁচড়া এলাকায় মোস্তাফিজুর রহমানকে খুন হয়েছে। লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
গতকাল রবিবার হাসপাতাল, পুলিশসহ
একাধিক সূত্র স্বাধীন আলোকে জানিয়েছিলেন, যশোর শহরের চাঁচড়া এলাকায় মোস্তাফিজুর রহমানকে ইজিবাইকে এনে মৃত অবস্থায় ফেলে রেখে যায়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আহম্মদ তারেক শামস বলেন, প্রচুর রক্তক্ষরণের কারণে মোস্তাফিজুরের মৃত্যু হয়েছে।


কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, নিহতের পরিবার এসে লাশ শনাক্ত করেছেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, আর্থিক লেনদেনের কারণে মোস্তাফিজুর রহমান খুন হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে অন্তর মন্ডল নামের এক যুবককে আটক করা হয়েছে। স্বাধীন আলো।


Leave a Reply