যশোরে ইটভাটা শ্রমিক ফাহিমা বেগম হত্যা মামলায় তার স্বামী জাহাঙ্গীর মোড়লকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পিবিআই। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র এসআই গোলাম আলী এই চার্জশিট জমা দেন। অভিযুক্ত জাহাঙ্গীর মোড়ল সাতক্ষীরার তালা উপজেলার সাতপাখিয়া গ্রামের বাসিন্দা।
আদালত সূত্র জানায়, নিহত ফাহিমা বেগম ও জাহাঙ্গীর মোড়ল ইটভাটার শ্রমিক ছিলেন। তারা যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের দফাদার ইটভাটায় কাজ করতেন। ২০২১ সালের ১৫ ডিসেম্বর বিকেলে জাহাঙ্গীর মোড়ল ও ফাহিমা বেগম নরেন্দ্রপুর গ্রামের ওই ভাটায় কাজ করার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা হন। কিন্তু পরবর্তীতে ফাহিমা বেগমের মোবাইল ফোন বন্ধ এবং কোনো খোঁজ না পাওয়ায় তার ভাই শরিফুল ইসলাম তালা থানায় একটি জিডি করেন।
১ মাস পর অর্থাৎ ২০২২ সালের ১৩ জানুয়ারি নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাথরুমের সেফটিক ট্যাংকির ভেতর থেকে ফাহিমার লাশ উদ্ধার করা হয়। পরে শরিফুল ইসলাম অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলাটি তদন্তকালে পিবিআই’র এসআই গোলাম আলী ওই বছরের ১৪ জানুয়ারি তালা উপজেলার সাতপাখিয়া গ্রামের নিজ বাড়ি থেকে জাহাঙ্গীর মোড়লকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।
তিনি জানান, স্ত্রীর পরপুরুষের সাথে সম্পর্ক ছিলো বলে তিনি সন্দেহ করতেন। বাড়ি থেকে যশোরে আসার পথে এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘটনার দিন অর্থাৎ ২০২১ সালের ১৫ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে ইটভাটায় যাবার পথে
নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশে পৌঁছালে পড়ে থাকা বাঁশের লাঠি স্ত্রীর মাথায় আঘাত করেন তিনি। তখন ফাহিমা বেগম মাটিতে পড়ে গেলে তারই ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর হত্যার বিষয়টি গোপন করতে লাশটি স্কুলের সেফটিক ট্যাংকির ভেতর ফেলে দেন।

বিশেষ প্রতিনিধি
Leave a Reply