বিশ হাজার টাকার জন্য সাতক্ষীরার চা দোকানি ইয়াছিন আলীকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয় বলে জানিয়েছে র্যাব।এ ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি জাকির হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন বলে রোববার সকালে র্যাব-৬ খুলনার অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোস্তাক মোর্শেদ এক সংবাদ সম্মেলনে জানান।
খুলনা শহরের বাচ্চু শেখের ছেলে জাকির সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকায় থাকেন।গত বুধবার সকাল ৮টায় সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক এলাকায় একটি জলাশয় থেকে চা দোকানি ইয়াছিন আলীর মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়।

মোস্তাক বলেন, ইয়াসিন খুনি জাকিরের ব্যবসায়িক অংশীদার ছিলেন। ব্যবসার সুবাদে জাকির ইয়াসিনের কাছে ২০ হাজার টাকা পেতো। কয়েকবার তাগিদ দেওয়া সত্বেও টাকা পরিশোধ করতে পারেনি ইয়াছিন। যে কারণে জাকির ক্ষিপ্ত হয়ে গত ৩০ অগাস্ট রাত ৯টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে নিয়ে গিয়ে ইয়াছিনের গলায় দা দিয়ে কোপ দেয়।
ইয়াছিন পড়ে গেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার শরীর হতে মাথা আলাদা করে জাকির। পরে মাথাবিহীন লাশ টেনে রাস্তার পাশে পানিতে ফেলে দেয়।
পরে ঘটনাস্থল থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে ব্রিজের নিচে ডোবার মধ্যে লাশ বস্তাবন্দি করে ডুবিয়ে দেয় বলে জানান র্যাবের এ কর্মকর্তা।

র্যাব জানায়, পরদিন এলাকার লোকজন পানিতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে ইয়াসিনের স্ত্রী বাদী হয়ে সাতক্ষীরা জেলার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরে র্যাবের একটি দল গোপন সংবাদ পেয়ে সাতক্ষীরা জেলার সদর থানাধীন আলীপুর এলাকা থেকে জাকিরকে গ্রেপ্তার করে। এরপর জাকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লাশের মাথা ও হত্যার কাজে ব্যবহৃত সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করে র্যাব।
আইনগত প্রক্রিয়া শেষে জাকিরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হবে বলে র্যাব কর্মকর্তা মোস্তাক জানান।
নিহত ইয়াসিন আলী পৌরসভার সুলতানপুর এলাকার বাসিন্দা এবং সদর উপজেলা পরিষদের সামনে চা বিক্রি করতেন।বিডি নিউজ


Leave a Reply