যশোরে যৌতুক দাবিতে মারপিট ও গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ঝিকরগাছা উপজেলার উত্তর দেউলি গ্রামের মৃত জয়নাল আবেদীনের মেয়ে নাজমিন আক্তার এই মামলাটি করেছেন।
বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ মামলাটি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন। আসামিরা একই উপজেলা শহরের কৃষ্ণনগর খলিফাপাড়ার রফিকুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম ও ছেলে রাসেল আল মামুন।
বাদী মামলায় জানিয়েছেন, বাদী প্রথম স্বামীর সংসার করাকালিন সময়ে আসামি রাসেল আল মামুন প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে ইসলামী শরিয়ত মোতাবেক তাকে বিয়ে করে। বিয়ের পর বাদীর ভাইয়ের কাছ থেকে নগদ ৫ লাখ এবং আরো ১০ লাখ টাকার স্বর্ণালংকার নেয় আসামি।
এছাড়া বাদীর পৈত্রিক সম্পত্তি বিক্রি করে আরো ১৩ লাখ টাকা দেয়া হয় রাসেলকে। তবে রাসেলের বাড়িতে গিয়ে সংসার করাকালে তার পিতা-মাতা পুত্রবধূ হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানায়। ফলে তারা দুইজনে যশোর উপশহর এলাকায় বসবাস করে আসছিল।
সংসার করাকালে বাদী তিন মাসের অন্তঃসত্বা হয়ে পড়েন। বিষয়টি বাদীর বাসায় এসে তার শাশুড়ি রোজিনা বেগম জানতে পারেন। এরপর ওই সন্তান নষ্টের জন্য বাদীকে চাপ দিতে থাকে।
রাজি না হলে ২০২২ সালের ১৭ জুন রাসেল ও তার মা রোজিনা বাদীকে মারপিট করে মাটিতে ফেলে তার পেটের উপর দাড়িয়ে থাকে েরাসেল। পরে তার গর্ভপাত ঘটে। ২০২৩ সালের ৩০ নভেম্বর ফের তাকে মারপিট করে আসামিরা।





Leave a Reply