দীর্ঘ সময় ধরে ফর্মহীনতায় ভূগছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। কিছুতেই তিনি রানের দেখা পাচ্ছেন না। সর্বশেষ সেঞ্চুরি পেয়েছেন প্রায় তিন বছর হতে চলল! এবার তার ফর্মহীনতার বিষয়ে মুখ খুললেন সাবেক ভারতীয় ক্রিকেটার কারসন ঘাউড়ি। তিনি বলেছেন, কোহলি একজন দুর্দান্ত ক্রিকেটার।
ভারতের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে কারসন ঘাউড়ি বলেন, ‘বিরাট কোহলি নিঃসন্দেহে দুর্দান্ত একজন খেলোয়াড়। কিন্তু দুর্ভাগ্যবশত গত ২ বছর ধরে আমরা তাকে অফ স্টাম্পের বাইরে ডেলিভারি তাড়া করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে আউট হতে দেখছি। তাকে এটা নিয়ে ভাবতে হবে এবং উন্নতি করতে হবে। এই শটগুলো খেলা বন্ধ করতে হবে। কারণ সে যদি এভাবে খেলে আউট হতে থাকে আর রান না পায়, তাহলে তাকে নিয়ে বড় প্রশ্ন উঠবে যে, সে কেন রান করছে না?’
কোহলি সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৯ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে। এখন তার দলে থাকা নিয়েই প্রশ্ন উঠেছে। ঘাউড়ি আরও বলেছেন, ‘চলতি সিরিজে নিজেকে প্রমাণ করতে হবে। বিরাট একজন দুর্দান্ত খেলোয়াড় কিন্তু শুধুমাত্র নিজের নামের জোরে বেশিদিন খেলতে পারবে না। তাকে পারফর্ম করতে হবে এবং রান করতে হবে। সবাই বুঝতে পারছে যে, সে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গেই ঘটতে পারে। ‘
Leave a Reply