যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর বাজারে চাঁদা দিতে অস্বীকার করায় জিল্লু রহমান (৩৫) নামে এক এনজিও কর্মকর্তাকে ছুরিকাঘাতে জখম করেছে সন্ত্রাসীরা।
গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
আহত জিল্লু রহমান জানান,
তিনি গ্রামে ইসপ্রাক সমবায় সমিতি নামে একটি এনজিও পরিচালনা করেন। তার কাছে দীর্ঘদিন ধরে একই এলাকার সন্ত্রাসী সজিব, আজিম, ওলিয়ার, আলমগীর, শাহীন ও ইমরান চাঁদা দাবি করে আসছিল।
বৃহস্পতিবার বিকেলে তিনি আব্দুলপুর বাজারে বাবুর চায়ের দোকানে কেরামবোর্ড খেলছিলেন। ওইসময় সন্ত্রাসীরা তার ওপর হামলা করে এলোপাতাড়ি মারপিট ও ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক জানান, আহতের মাথা, পা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

বিশেষ প্রতিনিধি
Leave a Reply