অবৈধ অস্ত্র উদ্ধারের নামে ইউনুস আলী নামে এক রিকসা চালককে ৫ ঘন্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যদের বিরুদ্ধে। ইউনুস আলী শহরের চাঁচড়া রায়পাড়া সার গোডাউন এলাকার শাহাদৎ হোসেনের ছেলে।
রোববার বিকেল তিনটা থেকে রাত ৮টা পর্যন্ত ইউনুসের বাড়িতে তাকে মারপিট করা হয়েছে বলে সোমবার দুপুরে তিনি প্রেসক্লাব যশোরে এসে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছেনে র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানিয়েছেন, অভিযুক্ত ইউনুসের কাছে অবৈধ অস্ত্র আছে এমন সংবাদ পেয়ে তার বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কোন নির্যাতন করা হয়নি। ইউনুস আলী অভিযোগ করেন, রোববার দুপুরে তিনি রিকসা চালিয়ে বাড়িতে ফেরেন। বেলা ৩টার দিকে তিনি ভাত খাচ্ছিলেন। সে সময় তিন ব্যক্তি নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে ঘরের মধ্যে ঢোকে এবং তার কাছে অবৈধ অস্ত্র আছে বলে হাতকড়া পরিয়ে দেয়।
তিনি অস্ত্রের বিষয়ে কিছু জানেন না বলে জানালে একটি গামছা দিয়ে তার চোখ বাঁধে। পরে তাকে বেধকড় মারপিট করে। তার মা রাবেয়া বেগমকে ঘরের বাইরে বের করে দেয়া হয়। দুই হাতের কাঁধের নিচে পিটিয়ে কালশিরা জখম করে। দুই পায়ে মারপিট করে। রক্ত জমাট বেঁধে দেয়। পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে।
পরে এভাবে রাত ৮টা পর্যন্ত চলে পরে তাকে ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। র্যাব সদস্যরা তাকে বেআইনি ভাবে মারপিট করেছে বলে অভিযোগ করেন। এদিকে এ বিষয়ে র্যাবের যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর সাকিব হোসেন জানিয়েছেন, ‘র্যাবের কাছে সংবাদ ছিলো ইউনুস আলীর কাছে অবৈধ অস্ত্র আছে।
সে অস্বীকার করলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সে স্বীকার করে ওই অস্ত্র অন্য আরেকজন নিয়ে গেছে। তবে, তাকে মারপিট করা হয়নি।
তিনি আরো জানিয়েছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন যাতে বাঁধাহিন ভাবে হয় এবং সন্ত্রাসীরা যাতে অবৈধ অস্ত্র ব্যবহার করতে না পারে সে জন্য র্যাব অভিযান চালাচ্ছে। তার অংশ হিসাবে ওই অভিযান ছিলো। সেটা অব্যহত রয়েছে। মারপিটের বিষয়ে তিনি বলেছেন, তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কোন মারপিট করা হয়নি।

-বিশেষ প্রতিনিধি
Leave a Reply