টানা ১৯ দিন আন্দোলনের পর মজুরি নিয়ে সমস্যার অবসান হওয়ার পর হবিগঞ্জের ২৪টি চা বাগানে পুরোদমে কাজ শুরু করেছেন শ্রমিকরা। সোমবার সকাল থেকেই জেলার বাগানগুলোতে তারা কাজে বেরিয়ে যান। পাতা উত্তোলন শুরু করেন। এতে আবারও প্রাণ ফিরে পেয়েছে চা বাগানগুলো।
সোমবার হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন চা বাগানে সরেজমিন গিয়ে দেখা যায়, টানা আন্দোলনের পর মজুরি বাড়ায় শ্রমিকদের মধ্যেও আনন্দের শেষ নেই। বিপুল উৎসাহ নিয়ে কাজে বেরিয়েছেন তারা। দীর্ঘ আন্দোলন চলাকালে বাগানের পাতা উত্তোলন না করায় অনেক বড় হয়ে গেছে গাছ। তাই কিছুটা কষ্ট করে পাতা উত্তোলন করছিলেন শ্রমিকরা।
ফয়জাবাদ চা বাগানের পঞ্চায়েত সভাপতি দুলাল সাওতাল বলেন, টানা ১৯ দিন আন্দোলন করে আজ কাজে যোগ দিয়েছি। কর্মস্থলে ফিরেছেন শ্রমিকরা।
ফয়জাবাদ চা বাগানের ব্যাবস্থাপক সৈয়দ গোলাম সাকলাইন বলেন, ইতিমধ্যে বাগানের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা চেষ্টা করবো যেন একটু বেশি কাজ করিয়ে সে ক্ষতি পুষিয়ে নিতে পারি।
জানা গেছে, দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে গত ৯ আগস্ট থেকে ৪ দিন ২ ঘণ্টা করে কর্মবিরতি করেন চা শ্রমিকরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্নদিবস কর্মবিরতি ও বিক্ষোভ করেন। অবশেষে প্রধানমন্ত্রী তাদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দিলে সোমবার থেকে তারা পুরোদমে কাজে ফিরে যান শ্রমিকরা।

Leave a Reply