আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে আজ শনিবার শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে আগামীকাল রবিবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ওই হাইভোল্টেজ ম্যাচের আগে নানান আলোচনায় মেতেছেন দুই দেশের সাবেক ক্রিকেটাররা। এবার পাকিস্তান অধিনায়ককে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর।
এশিয়া কাপের এবারের আসরে খেলতে যাওয়া ক্রিকেটারদের মধ্যে এ টুর্নামেন্টে সর্বোচ্চ রানের মালিক রোহিত শর্মা। তিনি এশিয়া কাপে এখন পর্যন্ত ২৬ ইনিংসে করেছেন ৮৮৩ রান। অন্যদিকে এশিয়া কাপের একটিমাত্র আসরে খেলা বাবর পাঁচ ম্যাচে এক ফিফটিতে করেছেন ১৫৬ রান। তবু ওয়াসিম জাফর ক্রিকইনফোতে বলেছেন, ‘আমার মনে হয়, রোহিত বেশি কার্যকরী রান করবে। তবে বাবর আজম বেশি রান করবে। ‘
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন বাবর আজম। নিয়মিত রান করছেন। তবে রোহিতকে নেতৃত্বের দিক দিয়ে এগিয়ে রাখছেন ইউনিস খান, ‘আমরা সবাই জানি, নিজ নিজ দলের জন্য বড় রান করার ক্ষেত্রে রোহিত ও বাবর কতটা গুরুত্বপূর্ণ। দলে তাদের অবদান সবসময় বেশি। তবে অধিনায়কত্বের বিচারে রোহিত খানিক এগিয়ে থাকবে। কারণ সে জাতীয় দলে বাবরের চেয়ে বেশি খেলছে এবং অনেক ভালো অধিনায়কের অধীনেও খেলেছে। ‘
Leave a Reply