যশোরে শীত জেঁকে বসছে বেশ। সকাল-সন্ধ্যার হিমেল হাওয়া গায়ে লাগলে শীতের আমেজ পাওয়া যাচ্ছে পুরোপুরি। তাইতো যশোরবাসী শীতের প্রস্তুতি হিসেবে শুরু করেছে গরম বস্ত্র কেনাকাটার। ফুটপাত থেকে শুরু করে আধুনিক বিপণিবিতানগুলোয় শীতের পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। সেখান থেকে সাধ্য অনুযায়ী মানুষ কিনে নিচ্ছেন পছন্দের পোশাকটি। সব মিলিয়ে শহরের দোকানগুলোতে শীতবস্ত্রের কেনাকাটা বেশ জমে উঠেছে।
সোমবার যশোর শহরের বড় বাজার, কালেক্টরেট মার্কেট, পুলিশ প্লাজা মার্কেট এবং মুজিব সড়কের পাশে বিপণিবিতানগুলো ঘুরে দেখা যায়, শীতবস্ত্রের সমাহার ঘটিয়েছেন ব্যবসায়ীরা। তারা দোকান সাজিয়েছেন ফ্যাশন-সচেতন তরুণ-তরুণীদের কথা মাথায় রেখে। রয়েছে ফুলপ্যান্ট, ফুলহাতা গেঞ্জি, জ্যাকেট, মাফলার, হাতমোজা, পা মোজা, টুপি থেকে শুরু করে বিভিন্ন ধরনের শীতবস্ত্র।
বাজার ঘুরে দেখা গেছে, ছেলেদের শীতের পোশাকে প্রতি বছরই কিছু নতুনত্ব থাকে। তেমনি পরিবর্তন এসেছে মেয়েদের শীতের পোশাকেও। বাজারে শিশুদের জন্যও এসেছে বিভিন্ন ধরনের শীতের পোশাক। এগুলোর মধ্যে আছে ছয়মাস থেকে পাঁচ বছর বয়সীদের উলেন পোশাক। আর পাঁচ থেকে ১৩ বছর বয়সীদের জন্য সোয়েটার, হুডি ও জ্যাকেট।
কয়েকদিন আগে দু’দিনের বৃষ্টিতে শহরে শীতটা বেশ ভালোভাবেই নেমে এসেছে। তাই অনেকে চলে আসছে শীতের পোশাক কিনতে। যশোর কালেক্টরেট মার্কেটে সব ধরনের কাপড় পাওয়া যায় এবং এখানে দামও অন্যান্য মার্কেটের তুলনায় কম বলে কালেক্টরেট মার্কেটেই ক্রেতাদের বেশি ভীড় দেখা গেছে।
ব্যবসায়ীরা বলেন, শীতের পোশাক কেনাকাটা করতে বিপণিবিতানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ভীড় থাকছে ক্রেতাদের। তবে শীতের তীব্রতা যতো বাড়বে, তার সঙ্গে বাড়বে কেনাকাটাও। যশোর জেলায় এখনো পুরোপুরি শীত না পড়লেও পোশাকের বাজারে তার আঁচ পাওয়া যাচ্ছে। শীতের শুরুর দিকে এসব শীতবস্ত্রের দাম তুলনামূলকভাবে কম রয়েছে। সে কারণে অনেক ক্রেতাই সাধ্যের মধ্যে শীতের সঞ্চয়ের উদ্দেশ্যে শীতবস্ত্রের বাজারে ভীড়ও করছেন।

Leave a Reply