কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। গতকাল শুক্রবার সকালে একটি বিক্ষোভ মিছিল কুষ্টিয়া প্রেস ক্লাব চত্বর থেকে বের হয়। মিছিলটি শহরের মজমপুর গেটে কুষ্টিয়া-পাবনা ও কুষ্টিয়া-খুলনা সড়ক অবরোধ করে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক আব্দুর রাজ্জাক, মজিবুল শেখ, নাহিদ হাসান তিতাশ, জুবায়ের রিপন, লিটন উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, চার দিন আগে সাংবাদিক রুবেল নিখোঁজ হন। পুলিশ তাঁকে জীবিত উদ্ধার করতে পারেনি। এই দায় পুলিশ এড়াতে পারে না।
তাঁরা বলেন, কুষ্টিয়ায় প্রতিদিনই হত্যাকাণ্ড ঘটছে। এবার সাংবাদিক খুনের ঘটনা ঘটল। কুষ্টিয়ায় সাংবাদিক হত্যার ঘটনা স্বাধীনতার পর এই প্রথম। পরবর্তী ৩৬ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন বক্তারা।
এদিকে একই দিন জেলার কুমারখালী, খোকসা, দৌলতপুর, ভেড়ামারা ও মিরপুর উপজেলায় একই কর্মসূচি পালিত হয়।
গত ৩ জুলাই রাতে আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবরের সম্পাদক হাসিবুর রহমান রুবেল নিখোঁজ হন।
পরদিন ৪ জুলাই তাঁর ছোট ভাই কুষ্টিয়া সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর গত ৭ জুলাই দুপুরে কুমারখালীর গড়াই নদীর যদুবয়রা ব্রিজের নিচ থেকে রুবেলের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
রুবেলের স্বজনরা জানান, ৩ জুলাই রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে অবস্থিত নিজের পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় রুবেলের মোবাইলে একটি কল আসে। এ সময় অফিসকর্মীকে বাইরে থেকে আসছি বলে বের হন তিনি। এর পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সুত্র কালের কন্ঠ
Leave a Reply