যশোর শহরের ঘোপ পিলু খান সড়কে শনিবার রাতে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ভাই সিরাজের বাড়িতে বোমা হামলা হয়েছে। এতে কেউ আহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ৭/৮টি মোটরসাইকেলে করে মুখোশধারী একদল দুর্বৃত্ত তরিকুল ইসলামের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় বিকট শব্দ ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
দুবৃত্তরা ওই স্থানে একটানা ১০/১৫টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে জেল রোড, সেন্ট্রাল রোড ও জনতা হসপিটালের সামনে দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে ও আলামত উদ্ধার করেছে।
তরিকুল ইসলামের ছেলে সুমিত সাংবাদিকদের বলেন, বিএনপির ডাকা হরতালের আগের দিন এভাবে বাড়িতে বোমা হামলা করে ভীতি সুষ্টি করা সভ্য সমাজের কাজ হতে পারে না্। এঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। আমরা আলামত সংগ্রহ করেছি। ঘটনার তদন্ত চলছে।”

Leave a Reply