বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, সরকার আগামী ২৪ আগস্ট থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারণ করলো১. রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
২. শুক্রবার ও শনিবার-সাপ্তাহিক ছুটি।
প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সময়সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ নির্ধারণ করবে।
এতে আরও বলা হয়, ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দাপ্তরিক সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। উলেখ্য, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষে সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করার সিদ্ধান্ত নেয় সরকার। আগামীকাল বুধবার (২৪ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এতদিন সরকারি চাকুরিজীবীরা সকাল ৯টা থেকে বিকেল ৫টা অফিস করতেন। সেই হিসাবে এখন থেকে তাদের দৈনিক কর্মঘণ্টা এক ঘণ্টা করে কমলো।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বেসরকারি প্রতিষ্ঠানের সময়সূচির ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে প্রতিষ্ঠানের নিজস্ব সুবিধাজনক অবস্থায় নিজেরা নির্ধারণ করবে। যতদিন বিদ্যুৎ এবং জ্বালানির বিষয়ে একটা সুবিধাজনক অবস্থায় না আসবে, ততদিন এই নির্দেশনা বহাল থাকবে বলেও জানান তিনি।
কেবিনেট সচিব জানান, বৈঠকে অনির্ধারিত আলোচনায় দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনার বিষয়ে কেবিনেটের বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Leave a Reply