ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বিশ্বের মুসলমানদের আনন্দ উদযাপনের দিন পবিত্র ঈদুল আজহা কাল রবিবার। অব্যাহত অতিমারি এবং দেশের কোনো কোনো অঞ্চলে বন্যার কারণে সৃষ্ট প্রতিকূল পরিবেশ বিরাজ করলেও ঈদের আনন্দে তা খুব বাদ সাধতে পারেনি। আরবি জিলহজ মাসের চাঁদ দেখার ভিত্তিতে ১০ দিন আগে থেকেই ঈদুল আজহার দিন নির্ধারিত থাকে। এই ১০ দিন নানা রকম পুণ্যকর্মের মধ্য দিয়ে কাটায় মুসলমানরা। সামর্থ্য অনুযায়ী পশু কোরবানির মধ্য দিয়ে এই ঈদ উদযাপিত হয়ে থাকে। ঈদের দিন ছোট-বড় সবাই উৎসবের আমেজে ঈদগাহে নামাজ আদায় করে। নিজের ও পরিবার-পরিজনসহ দেশবাসী তথা মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে মোনাজাত করে সবাই।
বরাবরের মতো এবারও পরিবারসমেত ঈদ আনন্দ উপভোগ করতে গ্রামের বাড়িতে ফিরছে রাজধানীর বহু মানুষ। গত কয়েক দিন ধরেই বাস, ট্রেন, লঞ্চে লাখো মানুষ ঢাকা ছাড়ছে। এরই মধ্যে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা হয়ে এসেছে।
কোরবানির ঈদের আগে পশু কেনা, তার পরিচর্যা করার মধ্য দিয়ে যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়, শহুরে জনপদে এবারও তা দেখা যাচ্ছে। ক্রেতারা হাট থেকে দর-কষাকষি করে পছন্দের পশুটি কিনে গলায় জরির মালা, শিংয়ে রাংতা জড়িয়ে দড়ি ধরে টানতে টানতে বাসায় নিয়ে যাচ্ছে। সাত থেকে ১০ দিন আগে থেকেই গবাদি পশু ও পশুখাদ্যের সমাবেশ দেখা গেছে পাড়ায় পাড়ায়। পশুর হাঁকডাক আর তাদের যত্ন-আত্তি নিতে মানুষের ছোটাছুটিও নাগরিক পরিবেশে সৃষ্টি করছে অন্যরকম আবহ। গ্রামের অনেক গেরস্ত অবশ্য যত্নে লালন করা নিজের প্রিয় কোরবানির পশুটিকে শেষ সময়ে ভালোমতো খাইয়ে-দাইয়ে আরেকটু প্রস্তুত করছে
সুত্র কালের কন্ঠ
Leave a Reply