যশোরের চৌগাছা উপজেলার গরীবপুরে ১৯৭১ সালে সংঘটিত অবিস্মরণীয় যুদ্ধের গল্প নিয়ে বলিউডে তৈরি হয়েছে একটি অ্যাকশন থ্রিলার। ছবির নাম ‘পিপ্পা’।১৯৭১ সালের ২১ নভেম্বর রণাঙ্গনে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে বাংলাদেশের মুক্তিবাহিনীর সঙ্গে অংশ নেয় ভারতীয় মিত্রবাহিনী। এর মাধ্যমে মুক্তিযুদ্ধে প্রথমবারের মতো ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়।
গরিবপুরের যুদ্ধে পাকিস্তানি বাহিনীর ১৪টি এম-২৪ লাইট মার্কিন শ্যাফে ট্যাংক ও ২টি স্যাবর এফ৮৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। অন্যদিকে ভারতীয় মিত্রবাহিনীর ৫টি পিটি-৭৬ ট্যাংক বিধ্বস্ত হয়। রণাঙ্গনে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর মোট ১৯ জন শহীদ হন এবং ৩৩ জন আহত হন। পাকিস্তানি বাহিনীর শতাধিক সেনা হতাহত হয়।
বীরযোদ্ধা বলরাম সিং মেহতার চোখ দিয়ে দেশপ্রেম, বীরত্ব ও আত্মত্যাগের গল্প বলা হয়েছে ‘পিপ্পা’য়।ছবিতে ক্যাপ্টেন বলরাম সিং মেহতা চরিত্রে অভিনয় করেছেন ইশান খাট্টার। করণ জোহরের ‘ধাড়াক’ (২০১৭) সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এর আগে ইরানের মাজিদ মাজিদির পরিচালনায় ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’-এ দেখা গেছে তাকে। ২৮ বছর বয়সী এই তারকা অভিনেতা শহিদ কাপুরের সৎ ভাই।
বলরাম মেহতার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর। মেয়েটি পেশায় সাংবাদিক। এছাড়া দেখা যাবে প্রিয়াংশু পেনিয়ুলি এবং সোনি রাজদানকে।
ছবিটির সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী এ. আর. রাহমান।
‘পিপ্পা’ পরিচালনা করেছেন রাজা কৃষ্ণা মেনন। তন্ময় মোহন ও রবিন্দর রানধাওয়ার সঙ্গে মিলে চিত্রনাট্য লিখেছেন তিনিই। এর আগে অক্ষয় কুমারের ‘এয়ারলিফট’ (২০১৬) ও সাইফ আলি খানের ‘শেফ’ (২০১৭) পরিচালনা করে প্রশংসা জুটেছে তার।
রজা কৃষ্ণা মেনন মনে করেন, যুদ্ধে বিজয়ের এমন অনুপ্রেরণামূলক গল্প বিশ্বের সামনে তুলে ধরা দরকার। তিনি আশা করছেন, অ্যামাজন প্রাইম ভিডিওর মাধ্যমে ‘পিপ্পা’ সারাবিশ্বের দর্শকদের গ্রহণযোগ্যতা পাবে।
‘পিপ্পা’ আগামী ১০ নভেম্বর সরাসরি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।

সংগ্রহ
Leave a Reply