২০০৪ সালের ২১ আগস্ট সুস্থ শরীরে মিছিলের সঙ্গে হেঁটে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে যোগ দিয়েছিলেন রাশিদা আক্তার রুমা। সেই সমাবেশে গ্রেনেড হামলায় ক্ষতবিক্ষত হয়ে আর স্বাভাবিক জীবনে ফেরা হয়নি তাঁর। ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য রুমার শরীরে গত ১৮ বছরে ১৭টি অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু গ্রেনেডের অসংখ্য স্প্লিন্টার শরীরে বিদ্ধ থাকায় যন্ত্রণা থেকে মুক্তি হয়নি।

এখনো ওষুধ সেবন করছেন, বেঁচে আছেন কোনো রকমে।
গত শুক্রবার দুপুরে কালের কণ্ঠের সঙ্গে আলাপচারিতায় এসব কথা জানান রুমা। বহুল আলোচিত ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের মধ্যে রাশিদা আক্তার রুমাসহ পাঁচজন ভুক্তভোগীর সঙ্গে কথা হয়
কালের কণ্ঠের। তাঁরা জানান, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তাঁদের শারীরিক জটিলতাও বাড়ছে। শরীরে থাকা স্প্লিন্টারের যন্ত্রণা কমাতে গিয়ে বিভিন্ন ওষুধ ব্যবহারের পার্শ্বপ্রতিক্রিয়ায় অন্য অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারো কিডনি বিকল হয়ে যাচ্ছে, কারো নিদ্রাহীনতা দেখা দিয়েছে। শারীরিক এসব জটিলতার চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে অনেকেই। তাদের সুচিকিৎসায় আওয়ামী লীগের উদ্যোগ প্রয়োজন। দেশের এক বা দুটি হাসপাতাল নির্দিষ্ট করে দিয়ে সেখানে বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা চান ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতরা।
২১ আগস্ট হামলার ক্ষত বয়ে চলা রাশিদা আক্তার রুমা কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের জন্য এক বা দুটি হাসপাতাল নির্দিষ্ট করে দিক। যেখানে গেলে আমরা ফ্রি চিকিৎসা পাব। দলের কাছে আর কিছু চাওয়ার নেই। আমরা এখন সুচিকিৎসার ব্যবস্থা চাই। ’
কান্নাজড়িত কণ্ঠে রুমা বলেন, ‘ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় দুটি কিডনিই বিকল হয়ে পড়ছে। দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। বিরোধী দলে যখন ছিলাম তখন আমরা যে কয়েকজন গুরুতর আহত আছি তাঁদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হতো। এখন আমরা সরকারে আছি কিন্তু বিদেশে গিয়ে চিকিৎসার ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। বিদেশে চিকিৎসা নিলেও হয়তো আমরা আর ভালো হব না, কিন্তু মনকে তো সান্ত্বনা দিতে পারতাম। একটা সান্ত্বনা নিয়ে মরতে পারতাম যে দল আমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে।
একাধিক ভুক্তভোগী জানান, গ্রেনেড হামলায় আহতদের প্রত্যেককে বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় ওষুধ কেনার জন্য। এ ছাড়া প্রত্যেককে আওয়ামী লীগের পক্ষ থেকে এককালীন ১০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেওয়া হয়। পরবর্তী সময়ে আহতদের পরিবারের সন্তানদের লেখাপড়ার জন্য আরো পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়। সে সময় ১৫ লাখ টাকার সঞ্চয়পত্র থেকে প্রতি মাসে প্রায় ১৫ হাজার টাকা সুদ মিলত। বর্তমানে তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। অন্যদিকে জীবন যাত্রার ব্যয় বেড়েছে কয়েক গুণ। ভুক্তভোগীদের বেশির ভাগেরই প্রতি মাসে চিকিৎসা ব্যয় অন্তত ২০-২৫ হাজার টাকা। এ ছাড়া দুই-তিন মাস পরপরই ছোটখাটো অপারেশন, পরীক্ষা-নিরীক্ষা বাবদও টাকা খরচ হয়। এমন অবস্থায় শরীরে স্প্লিন্টার বয়ে চলা নেতাকর্মীরা অনেকেই ঠিকমতো চিকিৎসা নিতে পারছেন না।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের কর্মী জগন্নাথ ঘোষ। ঢাকা ও আশপাশের যেখানেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমাবেশ থাকত সেখানেই তিনি ছুটে যেতেন। ২০০৪ সালের ২১ আগস্টও নিজ উদ্যোগে যোগ দিয়েছিলেন দলের সমাবেশে। গ্রেনেড হামলায় তাঁর শরীরের বিভিন্ন অংশে শতাধিক স্প্লিন্টার বিদ্ধ হয়।
গত শুক্রবার জগন্নাথ ঘোষ কালের কণ্ঠকে বলেন, ‘এখন শরীর একদমই ভালো না। কোনো খাটুনির কাজ করতে পারি না। শরীরের বিভিন্ন অংশে যন্ত্রণা হয়, রাতে জ্বর আসে। আমাদের সুচিকিৎসা প্রয়োজন। ’
তৎকালীন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শেখ বজলুর রহমান ভয়াল গ্রেনেড হামলায় মারাত্মক আহত হন। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি। তাঁর শরীরের নিম্নাংশে এখনো ৫৮টি স্প্লিন্টার রয়ে গেছে। গতকাল শনিবার শেখ বজলুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘আমি এখন আর শারীরিক যন্ত্রণা নিয়ে ভাবি না। গত ১৮ বছর ধরে এ যন্ত্রণা এখন অনেকটা গা-সওয়া হয়ে গেছে। ধরেই নিয়েছি এভাবেই মৃত্যুর দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু মনের মধ্যে একটা গভীর ক্ষত রয়ে গেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পূর্ণাঙ্গ রায় এখনো হলো না। এ রায়টা দেখে যেতে পারলে মরেও শান্তি পেতাম। ’
তৎকালীন মতিঝিল থানা শ্রমিক লীগের শিক্ষা ও গবেষণা সম্পাদক ছিলেন আবুল হোসেন মোল্লা। গতকাল দুপুরে ধানমণ্ডিতে কালের কণ্ঠের সঙ্গে কথা বলেন তিনি। আবুল হোসেন মোল্লা বলেন, ‘আমার বাঁ পা চিকন হয়ে যাচ্ছে। শরীরের বাঁ অংশে কোমর থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। অসহ্য যন্ত্রণায় ছটফট করি। গরম পড়লে স্প্লিন্টার বিদ্ধ হওয়া জায়গাগুলো খুব চুলকায়। আমাদের জন্য একটি-দুটি হাসপাতালে ফ্রি চিকিৎসার ব্যবস্থা থাকলে সবাই উপকৃত হতাম। ’
সুত্র কালের কন্ঠ
Leave a Reply