যশোর টাউন হল মাঠে শুভ জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে কাজী নাবিল আহমেদ যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘একমাত্র শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ। তিনি যোগ্য পিতার যোগ্য কন্যা।’
উদ্বোধনকালে তিনি বলেন, ‘আবহমানকাল থেকে এ দেশে আমরা সব ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করছি। একটি অপশক্তি সেই সম্প্রীতি বিনষ্টে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। তারা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে আমাদের দেশত্যাগ ও প্রধানমন্ত্রীকে উৎখাতের চেষ্টা করছে।’
কাজী নাবিল আহমেদ বলেন, ‘শ্রীকৃষ্ণের মূলমন্ত্র ছিল দুষ্টের দমন ও শিষ্টের পালন করা। তার কাছ থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, ন্যায়ের পথে থাকা, সত্যের পথে থাকা, সবসময় শিষ্টের পালন করা।’
তিনি আরও বলেন, ‘আমাদের সমাজে কিছু দুষ্টু লোক আছে। তারা প্রায়ই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত সিদ্ধান্ত দিয়েছেন যাতে তাদের দমন করা হয়। এমন কোনও ঘটনা যাতে না ঘটে, সেজন্য আমাদের সজাগ থাকতে হবে।’
এমপি নাবিল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধর্মনিরপেক্ষতা ধারণ করে বাংলাদেশকে সত্যিকার অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। গতকালও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হিন্দু ধর্মের ভাইবোনেরা যেন কোনও সময় নিজেদের সংখ্যালঘু মনে না করে।’

তিনি আরও বলেন, ‘এই দেশ সবার। বঙ্গবন্ধুর ডাকে যখন মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তখন বাংলার হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই সময়ের দাবিতে বাঙালি। বঙ্গবন্ধু সেটাই প্রতিষ্ঠা করে গেছেন ১৯৭২ সালে আমাদের সংবিধানের চারটি মূলনীতির মাধ্যমে।
এরপর সামরিক জান্তারা এসে, জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ, খালেদা জিয়ার সময় আমরা দেখেছি বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার, বাংলাদেশকে একটি নব্য পাকিস্তানে পরিণত করতে কাজ করে গিয়েছিলেন।’

যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে নৃত্যগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক সাইফুজ্জামান পিকুল, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ। উপস্থিত ছিলেন পূজা পরিষদের নেতা রবিন কুমার পাল, পৌর কাউন্সিলর প্রদীপ কুমার নাথ বাবলু, সুখেন মজুমদার প্রমুখ।
আলোচনা শেষে দেশবাসীর কল্যাণ কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্বালন এবং দুপুর ১২টা ১৫ মিনিটে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা টাউন হল মাঠ থেকে বের হয়। সংগ্রহ আমার সংবাদ

Leave a Reply