মৌসুমি বায়ু বিদায় নেওয়ার আগে যশোরসহ সারা দেশে বৃষ্টি চলছে। আজ বৃহস্পতিবারও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় থাকা লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বৃষ্টি কাল শুক্রবারও চলতে পারে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। আগামী শনিবারও এর রেশ থাকতে পারে। তবে রোববার থেকে রাজধানীর আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। আর উত্তরাঞ্চলে বৃষ্টি কাল থেকেই কমে যেতে পারে।
এ দফায় বৃষ্টি চলে যাওয়ার পর এ মাসে দীর্ঘ সময় ধরে বৃষ্টির সম্ভাবনা কম বলে জানান অধিদপ্তরের আরেক আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি বলেন, বৃষ্টির পর তাপমাত্রা আরও খানিকটা বাড়বে। তাপমাত্রা কমতে এ মাসের শেষ দিক পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Leave a Reply