চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলামের দাবি, সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাকে একটি সিআর মামলায় গ্রেফতার করা হয়। গ্রেফতারের ১৫ মিনিট পর তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী ফৌজিয়া আনোয়ারের অভিযোগ, তার স্বামীকে পুলিশ নির্যাতন করে মেরে ফেলেছে। তিনি বলেন, তার স্বামী হার্টের রোগী ছিলেন। তিনি সবসময় ইনহেলার এবং ওষুধ ব্যবহার করতেন।নিহতের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সৈয়দ মোহাম্মদ শহীদুল্লা চকবাজার কেয়ারিতে একটি মিটিংয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে চেয়ারম্যান ঘাটার একটি পরিচিত ফার্মেসিতে গেলে তাকে সাদা পোশাকে দুই ব্যক্তি পুলিশ পরিচয়ে ধরে থানায় নিয়ে যায়। তার স্বজনরা থানায় গিয়ে তাকে দেখতে চাইলে পুলিশ তাদের থানার বাইরে রাখে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলাম বলেন, ‘তাকে গ্রেফতারের পর শরীর খারাপ লাগছে বলে জানান। তখন আমার কক্ষে এনে বসিয়েছি। পরে তার ভাইদের জানিয়ে নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে পাঠানো হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
নিহতের স্ত্রী ফৌজিয়া আনোয়ার বলেন, ‘আমার স্বামীকে নির্যাতন করে মেরে ফেলেছে পুলিশ। আমি এর বিচার চাই।’

Leave a Reply