অবশেষে যশোর শহরের বিকল সিসি ক্যামেরা সচলের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে পুরো শহরকে নিরাপত্তার চাদরে ডেকে দিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এ কাজের সহযোগিতায় রয়েছে পৌর কর্তৃপক্ষ। ইতিমধ্যে পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের মধ্যে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী সপ্তাহে ক্যামেরা সচলের কাজ শুরু করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এ বিষয়ে গ্রামের কাগজে ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়।
তখন মেয়রও আশ্বাস দিয়েছিলেন ক্যামেরাগুলো সচল করার। কিন্তু বছরের পর বছর পার হলেও পৌরসভা থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। সম্প্রতি পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ক্যামেরা সচলের খবরে স্বস্তি প্রকাশ করেছে শহরবাসী।
সূত্র জানায়, রোববার রাত সাড়ে আটটায় যশোর শহরে ক্যামেরাগুলো সচলের বিষয়ে কোতোয়ালি থানায় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের মধ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন (ক্রাইম এন্ড অপস) ও অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান। এছাড়া, পৌরসভার পক্ষে সশরীরে অংশ নেন পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ। সভায় ভার্চুয়ালি অংশ নেন পৌর মেয়র হায়দার গণি খান পলাশ।
তখন জানানো হয়, বর্তমানে ৭০টি ক্যামেরার অস্তিত্ব পাওয়া গেছে। যার সবকটিই বিকল। বাকি ৫২ টি ক্যামেরার কোনো অস্তিত্ব নেই। দু’পক্ষের মধ্যে কথাবার্তার একপর্যায়ে সিদ্ধান্ত হয় দ্রুতই তারা শহরের টার্নিং পয়েন্টগুলো ক্যামেরাগুলো সচল করতে কাজ শুরু করবে। এছাড়া, বড় বাজারে পৌরসভার পক্ষ থেকে কোনো ক্যামেরা লাগানো না থাকায় সেখানে ক্যামেরাগুলো স্থাপনের জন্য প্রয়োজনে বাজার ব্যবসায়ী সমিতির সহযোগিতা নেওয়া হবে।
পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ সভার বিষয়টি নিশ্চিত করে বলেন, সমস্যা সমাধানে পুলিশ এগিয়ে এসেছে। দ্রুতই পুলিশকে সাথে নিয়ে তারা সংস্কারের কাজে নামবেন।
এ বিষয়ে বড় বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মীর মোশারফ হোসেন বাবু বলেন, পুরো বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনতে পুলিশের পক্ষ থেকে সহযোগিতার জন্য বলা হয়েছে। তিনি নিজে সহযোগিতা করবেন, একইসাথে বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ীদের এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান বলেন, শহরের মোড়ে মোড়ে ক্যামেরা থাকলে অপরাধীরা আতঙ্কে থাকে। অপরাধ প্রবণতা কমে আসবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মিটিংয়ে বারবার উপস্থাপন করা হলেও সুবিধা পাওয়া যায়নি। মূলত পুরো শহরকে নিরাপত্তার চাদরে ঢাকতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে পৌর মেয়র হায়দার গণি খান পলাশ বলেন, পৌরসভা ক্যামেরা লাগিয়েছিল। কিন্তু তা নষ্ট হয়ে যায়। ফলে, আবার তারা ক্যামেরা সচলের উদ্যোগ নিয়েছেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৬ মার্চ প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে যশোর পৌর এলাকা জুড়ে ১২৮টি সিসি ক্যামেরা স্থাপন করেন তৎকালীন পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। যার উদ্বোধন করেছিলেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বর্তমান মেয়র ক্ষমতায় আসার পর ক্যামেরাগুলোর দিকে নজর দেননি। এ কারণে অযত্ন অবহেলায় সব ক্যামেরা নষ্ট হয়ে যায়। এ বিষয়ে গ্রামের কাগজে সংবাদ প্রকাশের পর মেয়র আশ্বাস দেন পুনঃস্থাপনের। তারপরও পৌর কর্তৃপক্ষ কাজ শুরু করেনি।

Leave a Reply