যশোর শহরের বারান্দীপাড়া কদমতলায় নাইমুজ্জামান জিতু (২৩) নামে এক কলেজছাত্রকে মারপিট ও ছুরিকাঘাতে জখম এবং তার ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করার অভিযোগে তাওছির (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তাওছির বারান্দী মোল্লাপাড়া বিসিএমসি কলেজের দক্ষিণ পাশের একটি বাড়ির ভাড়াটিয়া মৃত বাদশার ছেলে।
এই ঘটনায় জিতুর পিতা জাকির হোসেন রাজিব (৪৫) কোতয়ালি থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। অপর আসামিরা হলো, বিসিএমসি কলেজের পাশের মতিয়ার রহমানের ছেলে শাওন আহম্মেদ টিপু (২৫) এবং বারান্দী কদমতলা ঢাকা রোড এলাকার বাবুর ছেলে দ্বীপন (২৫)।
এজাহারে জাকির হোসেন রাজিব উল্লেখ করেছেন, তার ছেলে একটি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আসামিদের সাথে তার ছেলে পূর্ব শত্রুতা চলে আসছিল। গত ৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে জিতু প্রাইভেট টিউশুনি করে তা ব্যবহৃত মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলো।
বারান্দী কদমতলায় পৌছালে আসামির ধারালো অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। পরে তাকে এলোপাতাড়ি মারপিট করে। চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় তার পকেটে থাকা নগদ ১০ হাজার টাকা কেড়ে নেয়। জিতু মাটিতে পড়ে গেলে তার শ্বাসরোধে হত্যার চেষ্টা করে।
পরে তার মোটরসাইকেলটি সম্পূর্ণ ভেঙ্গে দেয়। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সদর পুলিশ ফাঁড়ির এসআই জাকির হোসেন জানিয়েছেন, গত রোববার দুপুর আড়াইটার দিকে এই মামলার আসামি তাওছিরকে তার ভাড়াবাড়ি থেকে আটক করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


Leave a Reply