যশোরে চাঞ্চল্যকর জসিম উদ্দিন হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ইব্রাহিম খলিলকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক ইব্রাহিম জসিমের কথিত প্রেমিকা আনোয়ারা বেগমের ভাগ্নে ও শহরের পূর্ববারান্দিপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
সোমবার বিকেলে টাউনহল মাঠ থেকে তাকে আটক করেন তদন্ত কর্মকর্তা এসআই শরীফ আল মামুন। তিনি জানান, এ হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে মঙ্গলবার ইব্রাহিম আদালতে জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত ও পুলিশ সূত্র জানায়, আসামিদের দেয়া জবানবন্দিতে উঠে এসেছে ইব্রাহিমই এ হত্যাকান্ডের প্রধান পরিকল্পনাকারী। নির্দেশদাতা জসিমের কথিত প্রেমিকা ইব্রাহিমের খালা আনোয়ারা বেগম। আনোয়ারার কথা মতো চিহ্নিত সন্ত্রাসীদের ৪০ হাজার টাকায় ভাড়া করেন ইব্রাহিম। এ হত্যাকান্ডে অংশ নেন সন্ত্রাসী পোখরাজ আলম রাহাত, ডোবার ও নাসির।
গত ৪ জুলাই পোখরাজকে ঢাকা থেকে আটকের পর তার দেয়া জবানবন্দিতেও একই তথ্য উঠে আসে।উল্লেখ্য, গত ২৬ জুন মণিরামপুরের মাছ ব্যবসায়ী জসিম উদ্দিনকে যশোরের কোল্ড স্টোরেজ মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের গতিরোধ করে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা।
আহত জসিমকে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার পর তদন্তের দায়িত্ব পান এসআই শরীফ আল মামুন। সর্বশেষ, মঙ্গলবার এ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারীকে টাউনহল মাঠ থেকে আটক করা হয়।

Leave a Reply