যশোরে সার আত্মসাতের দায়ে বিএডিসির সাবেক সহকারী গুদাম রক্ষক আজগর আলীকে পৃথক ধারায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে আত্মসাতকৃত সারের তিন কোটি ৭৪ লাখ ৮১ হাজার ১৬ টাকা ৩২ পয়সা অর্থদণ্ড করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
মঙ্গলবার স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি আজগর আলী যশোরের বাঘারপাড়া উপজেলার আরাজী সিলিমপুরের আরশাদ আলী মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম। এই মামলার অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয়েছে।
খালাসপ্রাপ্তরা হলেন, যশোর বিএডিসির তৎকালীন উপসহকারী পরিচালক বর্তমানে ব্রাক্ষ্মনবাড়িয়ায় কর্মরত ফাহাদ আল-মামুন ও অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের মেছের আলী মল্লিকের ছেলে সারের ডিলার মমিন উদ্দিন ও সার ব্যবসায়ী এম এ রাশেদ।
মামলার বিবরণ থেকে জানা গেছে, যশোরের চাঁচড়ায় বিএডিসির সার গুদামে সহকারী গুদাম কর্মকর্তা ছিলেন আজগর আলী। তিনি ২০১১ সালের ২১ ডিসেম্বর থেকে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত কর্মরত অবস্থায় ৩২০ মেট্রিকটন এমওপি সার আত্মসাৎ করেন। যার তৎকালীন মূল্য ৭৬ লাখ ৩৪ হাজার ৫৬০ টাকা। এ ঘটনায় বিএডিসির তৎকালীন যুগ্ম পরিচালক (সার) রতন কুমার মণ্ডল ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর যশোর কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত করেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী। তদন্তকালে এজাহারভুক্ত আসামি আজগর আলীকে আটক করা হয়। তার দেয়া জবানবন্দিতে উঠে আসে অপর দুই আসামির নাম। এছাড়া, তদন্তকালে টিএসপি, এমওপি এবং ডিএপি মিলিয়ে মোট ৮৪৪ দশমিক ৮০ মেট্রিকটন সার আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। যার মূল্য ৩ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ১৬ টাকা ৩২ পয়সা। এ ঘটনায় তদন্ত চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। তাদের মধ্যে আসামি আজগর আলীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দণ্ডবিধির ৪০৯ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড, ৪২০ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দুই বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড প্রদান করেছেন। সকল ধারার দণ্ড একসাথে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply