যশোরের ঝিকরগাছায় পাওনা টাকা কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। পরে রোববার সকালে ভুক্তভোগী আল-আমিন (২৫) মারা গেছেন।
তিনি বাউশা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে এবং শিওরদাহ গ্রামে শ্বশুর মৃত মোসলেম উদ্দিনের বাড়িতে বসবাস করছিলেন।এ ঘটনায় মোহাম্মদ ইমরান সরদারকে গ্রেফতার (২১) করেছে পুলিশ। তিনি শিওরদাহ গ্রামের মোহাম্মদ আজিজুর সরদারের ছেলে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, বিয়ের পর ঘরজামাই থাকতেন আল-আমিন। স্ত্রী ও শাশুড়ির সঙ্গে বনিবনা না হওয়ায় প্রায়ই ইমরান সরদারের সঙ্গে শিওরদাহ গ্রামের এসএম সরদারের নির্মাণাধীন ভবনের ছাদে সময় কাটাতেন।
শনিবার রাতে আল-আমিনের কাছে পূর্বের পাওনা ২৪০০ টাকা ফেরত চান ইমরান। বাকবিতণ্ডার একপর্যায়ে পাশে থাকা রড নিয়ে মারপিট করেন। পরে রক্তাক্ত অবস্থায় রাতের যেকোনো সময় তিনতলা ছাদ থেকে নিচে পরে যান আল-আমিন। ভোরে স্থানীয়রা তাকে যশোর সদর হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।
যশোর সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল-নাহিয়ান বলেন, আসামি ইমরান সরদারকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রড। এ ঘটনায় মামলায় তাকে আদালতে পাঠানোর হয়েছে।


Leave a Reply